শেষ চারে থাকবে টটেনহ্যাম

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ২১:১৮

মরিনহোর আশাবাদ

স্পোর্টস ডেস্ক

টটেনহ্যাম হটস্পার কোচ হোসে মরিনহোর বিশ্বাস তার দল চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষ চারে থেকে খেলা শেষ করবে।

মরিনহো যখন দায়িত্ব নিয়েছিলেন সেই সময় টটেনহ্যাম বাজে অবস্থায় ছিল। টানা চতুর্থবারের মতো চতুর্থস্থান পেয়ে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা অর্জনের সম্ভাবনা মিইয়ে এসেছিল প্রায়। কেননা ক্লাবটি তখন চেলসির চাইতে ১২ পয়েন্ট পেছনে ছিল। কিন্তু পর্তুগীজ কোচের অধীনে চার খেলায় তিনটিতে জিতে টটেনহ্যাম সে ব্যবধান কমিয়ে ছয়ে নামিয়ে আনে। এর মধ্যে আগামী সপ্তাহে ফ্র্যাংক ল্যাম্পার্ডের চেলসির বিরুদ্ধে খেলা আছে স্পারসদের। আজ রবিবার উলভসের বিরুদ্ধে জিতলে আরো এগিয়ে যাবে টটেনহ্যাম, মরিনহো যেটাকে মনে করেন নিজেদের উপযুক্ত জায়গা।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা জানি আমাদের জায়গা কোথায়।’ গত শুক্রবার মরিনহো খেলা পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা যেখানে ছিলাম, পয়েন্ট টেবিলের নিচের অর্ধেক আমাদের জায়গা নয়। এমনকি বর্তমানে আমরা যেখানে আছি সেই সাত কিংবা আট নম্বরকেও আমরা নিজেদের জায়গা মনে করি না। আমরা নিজেদের অবস্থান কোথায় জানি। আমার বিশ্বাস মৌসুম শেষে আমরা সে জায়গাটায় পৌঁছাব।’

পর্তুগীজ এই কোচ জানান, এজন্য তার সময় দরকার। তবে দলটির উন্নতি করার জন্য ‘মেধা ও আগ্রহ’ আছে। ৫৬ বছর বয়সি এই কোচের জন্য টটেনহ্যামে শুরুটা ছিল ভীষণ ব্যস্ততার। কেননা ২১ দিনে তার হাতে ছিল ছয়টি খেলা। এ সময়ে নিজের ধ্যান ধারণা দলটিতে ছড়িয়ে দেওয়ার সুযোগ পাননি তিনি। আগামী মাসে অবশ্য পরিস্থিতি কিছুটা শিথিল হয়ে আসবে। বিপরীতে মরিনহো জানুয়ারিতে নতুন কাউকে সই করানোর চাইতে অনুশীলন মাঠেই বেশি সময় কাটাতে চান। তিনি বলেন, ‘আমি কাজ করতে চাই। কাজ করার জন্য আমার সময় দরকার যা কিনা এতদিন ছিল না।’

তিনি এ ব্যাপারে আরো বলেন, ‘আমি প্রতিদিন আমার সহকারীদের সঙ্গে অভিযোগ নিয়েই থাকি, এটা মূলত বিশেষ ধরনের অনুশীলন করাতে না পারার হতাশা থেকে। আমি স্রেফ এটা করে উঠতে পারছি না। এটা হতাশার। আমি প্রাক মৌসুম কাজ করাটা পছন্দ করি। আমি এটা করতে পারিনি।’

চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের কাছে হারে মরিনহো অবশ্য তার বসে থাকা খেলোয়াড়দের ব্যাপারে প্রথমবারের মতো ধারণা পেয়েছেন।—এএফপি।