পাকিস্তান সফর
স্পোর্টস রিপোর্টার
আগামী বছরের শুরুতে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ— এটা প্রায় নিশ্চিত। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বিসিবি। গতকাল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, জাতীয় দলের সফরের জন্য সরকার থেকে এখনো ছাড়পত্র পায়নি বিসিবি। ছাড়পত্র পেলেই পরবর্তী করণীয় ঠিক করবে বিসিবি।
সফরে তিনটি টি-২০ ও দুটি টেস্ট খেলার কথা বাংলাদেশের। বিসিবি সূত্রে জানা গেছে, তিনটি টি-২০ খেলেই ফিরতে পারে বাংলাদেশ দল। বিসিবি সভাপতি বলেছেন, ক্রিকেটারদের জোর করে পাকিস্তান সফরে পাঠানো হবে না। ক্রিকেটাররা চাইলে এই সফর থেকে নিজেদের নাম প্রত্যাহার করতে পারবেন।
ক্রিকেটাররা না যেতে চাইলে জোর করা হবে না জানিয়ে গতকাল মিরপুর স্টেডিয়ামে বিসিবি সভাপতি বলেছেন, ‘প্লেয়াররা না যেতে চাইলে যাবে না। এখানে জোর করার তো কিছু নেই। বোর্ড থেকে কাউকে জোর করে পাঠানো হবে না। এখন পর্যন্ত এটা আমাকে যদি জিজ্ঞাসা করেন কাউকে জোর করে খেলতে পাঠানোর কোনো প্রশ্নই ওঠে না। বিকল্প টিম পাঠাবো না কি করব সেটা নিয়ে কথা বলার এখন দরকার নেই। এসব কিছু পরিস্থিতির ওপর নির্ভর করবে।’
জাতীয় দলের পাকিস্তান সফরের ছাড়পত্র সরকারের কাছ থেকে এখনো পায়নি বিসিবি। নাজমুল হাসান পাপন বলেন, ‘এর আগে আমাদের দুটো দল গিয়েছে। মেয়েদের একটা দল গিয়েছে, ছেলেদের একটা দল গিয়েছে। জাতীয় দলের জন্য ছাড়পত্রটা আমরা এখনো পাইনি। আমরা ধরে নিচ্ছি যে নিরাপত্তা ছাড়পত্র আমরা পাব। যেহেতু আমরা এখনো তাদের সিদ্ধান্তটা পাইনি, তারা গিয়ে দেখেছেন। যখন আমরা হাতে পাব তারপর সিদ্ধান্ত নিতে পারব।’
ছাড়পত্র পাওয়ার পর ক্রিকেটারদের মতামতও নিবে বিসিবি। অনিরাপদ বোধ করলে যে কোনো ক্রিকেটার পাকিস্তান সফর থেকে সরে দাঁড়াতে পারবেন। আগামী চার-পাঁচ দিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিসিবি।
সিলেট থান্ডারের হয়ে ক্যারিবিয়ান বাঁহাতি পেসার ক্রিসমার সান্তোকি বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী ম্যাচে প্রশ্নবিদ্ধ বোলিং করেছেন। তার নো বল, ওয়াইড বল ফিক্সিংয়ের সন্দেহের অবতারণা করেছে অনেকের মনে। যদিও বিসিবি সভাপতি বলেছেন, এখানে বিসিবির কিছু করার নেই। সন্দেহজনক হলে আকসু বিষয়টি নিয়ে কাজ করবে।
নাজমুল হাসান পাপন বলেছেন, ‘এখানে আমাদের কিছু নেই করার। নো বল হয়েছে, নো বলটা বড়ো। নো বল খুবই সাধারণ ঘটনা। এর মধ্যে অন্য কিছু আছে কিনা সেটা আমাদের দেখার কথা না। সাধারণত এটা আইসিসি দেখে। এবার প্রত্যেক দলের সাথে এন্টি করাপশন ইউনিটের লোক আছে। এবং এটা ওরাই ঠিক করে দিয়েছে, আমরা কোনো ইন্টারফেয়ার করিনি। এর মধ্যে কিছু আছে কি নেই সেটা ওরা দেখবে।’
মিরপুর স্টেডিয়ামে বিপিএলের প্রথম পর্ব শেষ হয়েছে গতকাল। এই পর্বে দেশীয় ব্যাটসম্যানদের পারফরম্যান্সে সন্তুষ্ট বিসিবি সভাপতি। তিনি বলেছেন, ‘নাঈম আজকে (গতকাল) ভালো খেলেছে। তামিম ফর্মে ফিরেছে। আমাদের লিটন দাস-সৌম্য, ওরা কিন্তু ভালো খেলছে। মিঠুন ভালো ইনিংস খেলেছে। তো আমাদের দেশীয় প্লেয়ারগুলো ছিল তারা ভালো খেলছে। এটা একদিক থেকে ভালো।’
