মোখতার আহমেদ
হা-রে-রে! হা-রে-রে!
কাকে কে মারে রে?
কারা করে মারামারি—
কে জেতে, কে হারে রে?
হা-রে-রে! হা-রে-রে!
ছিল সবে এক জাতি
কারা জাতি ভাঙ্লা?
বাঙালি কী ক’রে গেল
হয়ে ‘দেশি-বাংলা’?
কুমড়োতে কখনো কি
ভরে লাউ জাংলা!?
তালগাছে বেল ধরে!
কাঁটা থাকে অড়হরে!
ডুমুরেও ফুল হয়—
কী ক’রে তা পারে রে?
হা-রে-রে! হা-রে-রে!
এ ওরে অকস্মাত্
মেরে করে কুপোকাত
দেখছি দুয়ের মাঝে
ঝগড়া না ছাড়ে রে!
হা-রে-রে! হা-রে-রে!
সকলের স্লোগান এক
ছিল ‘জয় বাংলা’;
ছেড়ে তাকে বিজাতীয়
স্লোগান কে মাঙ্লা?
স্বভাব না পালটাল
যত ‘বুড়ো আঙ্লা’!
সাথে তার পোলাপান
কেন গায় একই গান?
কেউ আপন সত্তার
ধার না-ই ধারে রে!
হা-রে-রে! হা-রে-রে!
