আজ ১৫ ডিসেম্বর রবিবার মহান মুক্তিযুদ্ধে শহিদ মুক্তিযোদ্ধা ভ্রাতৃত্রয়ের ৪৮তম মৃত্যুবার্ষিকী। ১৯৭১ সালের এই দিনে মহান স্বাধীনতা সংগ্রামে আত্মোত্সর্গকারী অত্র এলাকার মহান মুক্তি সংগ্রামের অগ্রপথিক শহিদ মুক্তিযোদ্ধা বদিউজ্জামান (বদি মেম্বার) ও তার দুই ভাই শহিদ মুক্তিযোদ্ধা শাহজাহান (এমএসসি) ও শহিদ মুক্তিযোদ্ধা করিমুজ্জামান ওরফে মুল্লুক জাহান (বিএ) মৃত্যুবরণ করেন। শহিদ বদিউজ্জামান গোপীবাগ, মতিঝিল, কমলাপুর, মানিকনগর, যাত্রাবাড়ী, নারিন্দা ও শ্যামবাজার অঞ্চলের বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় খ্যাতনামা জনপ্রতিনিধি এবং অত্র এলাকার বিডি মেম্বার ছিলেন। মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের একদিন আগে, অর্থাত্ ১৯৭১-এর ১৫ ডিসেম্বর রাতে ঢাকা শহরের গেরিলাযুদ্ধে অংশগ্রহণ শেষে মধ্যরাতে বাসায় ফেরার পথে ওত পেতে থাকা রাজাকার, আল-বদর ও আল-শামস বাহিনী দ্বারা আক্রান্ত ও অপহূত হন। পরে তাকে নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয়।
আজ রবিবার শহিদ মুক্তিযোদ্ধাদের পরিবারের পক্ষ থেকে শহিদের কবরে পুষ্পস্তবক অর্পণ, কোরআন খতম শেষে কবর জিয়ারত করা হবে। শহিদ মুক্তিযোদ্ধা বদিউজ্জামানের বড়ো ছেলে এ টি এম ওয়াহিদুজ্জামান ওরফে আল আমিনের ৯৮, রামকৃষ্ণ মিশন রোড, গোপীবাগ ষষ্ঠ লেনের বাস ভবনে দরুদ শরিফ, কোরআন তেলওয়াত, কোরআন খতম ও বাদ জোহর নামাজের পর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এই উপলক্ষ্যে শহিদ মুক্তিযোদ্ধাদের পরিবারের পক্ষে থেকে শহিদ মুক্তিযোদ্ধা বদিউজ্জামানের স্ত্রী মিসেস হাজেরা খাতুন জামান সব আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের মিলাদ মাহফিলে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন।
