বিনোদন রিপোর্ট
বিজয়ের মাস উপলক্ষে মাসজুড়েই প্রচার হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন নাটক। বিশেষ করে আগামীকাল বিজয় দিবস উপলক্ষে নাটকের সংখ্যা থাকবে আরো বেশি। ছোটপর্দার জনপ্রিয় তারকাদের প্রায় সবাইকে দেখা যাবে বিশেষ দিবসের নাটকে। ‘আমরা করবো জয়’ শিরোনামে একটি নাটকে এবার অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ।
নাটকটি বাংলাভিশনে প্রচার হবে আগামীকাল রাত ৮টা ১৫ মিনিটে। প্রবীর রায়ের পরিচালনায় নাটকটিতে আরো অভিনয় করেছেন তারিক আনাম খান, জোভান, সাবিলা নূর প্রমুখ। নাটকটি প্রসঙ্গে ইরফান বলেন, ‘মুক্তিযুদ্ধের গল্পে কাজ করার ইচ্ছাটা সবসময় থাকে। বিশেষ দিবসগুলোর জন্য তাই একটা অপেক্ষা থাকে। এই সময়টা অন্তত কাজ করা যায়। এই কাজটি করে বেশ ভালো লেগেছে। এখানে তারিক আনাম খানের সঙ্গে কাজ করতে পেরেছি। অনেককিছু শিখতে পেরেছি। এটিও ভালোলাগার একটি বিষয়। একটা বিষয়, সারাবছর আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করা হয় না। তবে বিজয়ের মাস ছাড়াও মুক্তিযুদ্ধের গল্পে কাজ করতে চাই। আশা করি সেই সুযোগও আসবে।’
