সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক গৃহবধূর চুল কেটে দেওয়ার বহুল আলোচিত মামলার অপর চার আসামিকে পুলিশ গত শুক্রবার সকালে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ বাজার থেকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো উপজেলার উধুনিয়া ইউনিয়নের গজাইল গ্রামের মনছুর আলী, আব্দুস ছালাম, নাসির উদ্দিন ও শহিদুল ইসলাম। উল্লাপাড়া পুলিশ সার্কেলের এএসপি গোলাম রহমানের নেতৃত্বে একদল পুলিশ এদের আটক করে। এই আসামিরা আওয়ামী লীগের নেতা কর্তৃক গৃহবধূকে চুল কেটে দেওয়ার সময় সহযোগিতা করে। এর আগে উক্ত মামলার প্রধান আসামি আওয়ামী লীগের নেতা আব্দুর রশিদ ১০ ডিসেম্বর সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার আমলি আদালতে আত্মসমর্পণ করেন। একই দিন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক হাফিজুর রহমান আসামি আব্দুর রশিদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন জানান। আদালতের জ্যেষ্ঠ বিচারক নজরুল ইসলাম গত বৃহস্পতিবার আব্দুর রশিদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। শনিবার উল্লাপাড়া থানার পুলিশ গ্রেফতারকৃত চার আসামিকে জেলহাজতে পাঠিয়েছে। সেই সঙ্গে উক্ত আদালতে তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন জানানো হয়েছে।
