একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া যুদ্ধাপরাধী কাদের মোল্লাকে দৈনিক সংগ্রাম পত্রিকায় ‘শহীদ’ লেখায় এ বিষয়ে দায়ের করা এক মামলায় দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল শুক্রবার রাতে মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আফজাল বাদী হয়ে রাজধানীর হাতিরঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে ঐ মামলাটি দায়ের করেন।
শুক্রবার দৈনিক সংগ্রামের প্রথম পাতায় ‘শহীদ আবদুল কাদের মোল্লার ৬ষ্ঠ শাহাদাত্বার্ষিকী আজ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা হাতিরঝিল থানার উপ-পরিদর্শক গোলাম আজম গতকাল আসাদকে আদালতে সোপর্দ করেন। এর আগে গত শুক্রবার মুক্তিযুদ্ধ মঞ্চের ব্যানারে বিকাল ৫টার দিকে বড় মগবাজার এলাকায় জামায়াতে ইসলামীর মুখপত্র হিসেবে পরিচিত দৈনিক সংগ্রামের কার্যালয় ঘেরাও করে একদল যুবক। এ সময় তারা ‘দৈনিক সংগ্রাম’ পত্রিকা পুড়িয়ে প্রতিবাদ জানান এবং সম্পাদককে গ্রেফতারসহ পত্রিকাটির প্রকাশনা বন্ধের দাবি জানান। এরপর সন্ধ্যা ৭টার দিকে সংগ্রামের কার্যালয় থেকে সম্পাদক আবুল আসাদকে হেফাজতে নিয়ে যায় হাতিরঝিল থানা পুলিশ। এরপর ঐ যুবকরা ঘটনাস্থল ছেড়ে চলে যায়। কার্যালয়ের ভেতরে বিক্ষুব্ধরা ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ করেছেন পত্রিকাটির সংবাদকর্মীরা।
মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক মো. আল মামুন সাংবাদিকদের বলেন, ‘আমরা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপস করতে পারি না। সংগ্রামের কার্যালয়টি জামায়াত-শিবিরের অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহূত হচ্ছে। ২৪ ঘণ্টার মধ্যে সংগ্রাম পত্রিকার ডিক্লারেশন বাতিল না করা হলে আরো কঠোর কর্মসূচি দেব।’
