খালেদা জিয়ার সঙ্গে স্বজনদের সাক্ষাত্ হঠাত্ স্থগিত

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ২৩:৫৫

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিত্সাধীন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার স্বজনদের এক মাস পর গতকাল শনিবার বেলা ৩টায় সাক্ষাতের অনুমতি দেওয়া হলেও হঠাত্ তা বাতিল করা হয়েছে। স্বজনরা সাক্ষাতের প্রস্তুতি নেওয়ার পর কারা কর্তৃপক্ষ তা বাতিল করে। আগামী ১৬ ডিসেম্বর পরিবারের সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত্ করতে পারবেন বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে হাসপাতালে তার স্বজনদের যাওয়ার কথা থাকলেও কারা কর্তৃপক্ষের অনুমতি না মেলায় তারা দেখা করতে যাননি। যদিও শুক্রবার কারা কর্তৃপক্ষ ম্যাডামের সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছিল।

এদিকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘খালেদা জিয়ার সঙ্গে ৩১ দিনেও তার স্বজনদের সাক্ষাত্ করতে দেওয়া হয়নি। বলা হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নাকি বেগম জিয়ার সঙ্গে স্বজনদের সাক্ষাত্ করতে দেওয়া হয়নি। আমরা জানতে চাই এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কারা?’ গতকাল শনিবার বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ‘আমাদের আশঙ্কা বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। সেই কারণে আসল রহস্য ফাঁস হওয়ার ভয়ে তার সঙ্গে স্বজনদের সাক্ষাত্ করতে দিচ্ছে না।’ প্র্রসঙ্গত, গত ১৩ নভেম্বর সর্বশেষ বেগম জিয়ার সঙ্গে তার স্বজনরা সাক্ষাতের সুযোগ পেয়েছিলেন।