বঙ্গবন্ধু বিপিএল ঢাকার জয়ে শেষ প্রথম পর্ব

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ২৩:৫৫

বঙ্গবন্ধু বিপিএলের প্রথম পর্ব শেষ হয়েছে। মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম পর্বের শেষ দিনে দাপট দেখিয়েছেন ব্যাটসম্যানরা। দিনের প্রথম ম্যাচে রংপুর রেঞ্জার্সের ১৫৭ রানকে ১০ বল আগেই টপকে গেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট থান্ডারের বিরুদ্ধে চলতি আসরের সর্বোচ্চ স্কোর (১৮২) গড়েছে ঢাকা প্লাটুন।

শুধু বড়ো স্কোর গড়াই নয় বিপিএলের প্রথম পর্ব জয় দিয়ে শেষ করেছে মাশরাফির দল। গতকাল সিলেটকে ২৪ রানে পরাজিত করে দ্বিতীয় জয় পেয়েছে ঢাকা প্লাটুন। এনামুল হক বিজয়ের হাফ সেঞ্চুরিতে ৪ উইকেটে ১৮২ রান তোলে দলটি। বিজয় ৪২ বলে ৬২ রান (৮ চার, ১ ছয়), তামিম ৩১, লরি ইভান্স ২১, জাকের আলী ২০, থিসারা পেরেরা অপরাজিত ২২, ওয়াহাব রিয়াজ অপরাজিত ১৭ রান করেন। জবাবে ৭ উইকেটে ১৫৮ রান তুলতে সমর্থ হয় সিলেট। দলের হয়ে একাই লড়েছেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। ৪৪ বলে অপরাজিত ৬০ রান করেন তিনি। ঢাকার মাশরাফি, হাসান মাহমুদ ২টি করে উইকেট পান।  

এর আগে রংপুরকে ৬ উইকেটে হারিয়ে দ্বিতীয় জয় তুলে নিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের চট্টগ্রাম। রংপুরের এটি টানা দ্বিতীয় হার।