১৪ ডিসেম্বর পালন করা হলেও বুদ্ধিজীবী হত্যা শুরু হয় মার্চে ---------অধ্যাপক আনিসুজ্জামান

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ২৩:৫৭

জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন, ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হলেও একাত্তরে বুদ্ধিজীবী হত্যা শুরু হয় সে বছরের মার্চে। ডিসেম্বরে তা তীব্র আকার ধারণ করে। দেশের জন্য একাত্তরের শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ কখনই বিস্মৃত হবার নয়।

গতকাল বাংলা একাডেমি আয়োজিত শহিদ বুদ্ধিজীবী দিবসের আলোচনায় তিনি এসব কথা বলেন। বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে শহিদ বুদ্ধিজীবী স্মরণ অনুষ্ঠানে একাত্তরের শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সৈয়দ হাসান ইমামের কণ্ঠে কবি আবু হেনা মোস্তফা কামাল ও আবুল হাসানের মুক্তিযুদ্ধের কবিতা আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। ‘বাংলাদেশে মুক্তিযুদ্ধকালে গণহত্যার কারণ এবং গণহত্যাকারীদের বিচার’ শীর্ষক বিষয়ে বক্তব্য রাখেন ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। সভাপতিত্ব করেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান।   

মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ক পুস্তক প্রদর্শনী ও বিক্রয় শুরু

মহান বিজয় দিবসকে সামনে রেখে বাংলা একাডেমিতে গতকাল বাংলা একাডেমি, জাতীয় গ্রন্থকেন্দ্র এবং কপিরাইট অফিসের উদ্যোগে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ক তিনদিনব্যাপী পুস্তক প্রদর্শনী ও বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়। একাডেমি প্রাঙ্গণে প্রদর্শনী উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবু হেনা মোস্তফা কামাল। প্রদর্শনী ১৬ ডিসেম্বর পর্যন্ত, সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে।