খাগড়াছড়ি উপজেলা সদরের পেরাছড়া ইউনিয়নের ইটভাটা এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে দুই জন ইউপিডিএফ (মূল) সদস্যকে আটক করা হয়। তারা চিহ্নিত চাঁদা আদায়কারী। গতকাল শনিবার দুপুর ২টার দিকে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করে খাগড়াছড়ি রিজিয়নের নেতৃত্বাধীন খাগড়াছড়ি সদর জোনের একটি নিরাপত্তা বাহিনীর দল। ইউপিডিএফ (মূল)-এর কয়েকজন সন্ত্রাসী উক্ত এলাকায় অবৈধভাবে চাঁদা উত্তোলন করছে মর্মে সংবাদ পাওয়ার পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়।
খাগড়াছড়ি সদর জোনের একটি অভিযান দল দ্রুত ঘটনাস্থলে গমন করে ব্যাপক তল্লাশি কার্যক্রম চালায়। এ সময় অভিযান দল পল্লিময় ত্রিপুরা (৩৪) পিতা: সুনিল বিকাশ রোয়াজা, গ্রাম: পল্টনজয়পাড়া, উপজেলা: সদর, জেলা: খাগড়াছড়ি) এবং নিতু চাকমা (৩৫) পিতা: অজিত কুমার চাকমা, গ্রাম: মাইসছড়ি নোয়াপাড়া, উপজেলা: মহালছড়ি, জেলা: খাগড়াছড়িকে আটক করে। তাদের কাছ থেকে ২টি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৩ রাউন্ড অ্যামোনিশন, ৩টি মোবাইল ফোন, ১টি মোটর সাইকেল, চাঁদা আদায়ের রশিদ বই, মোবাইল নম্বর সংবলিত নোটবুক উদ্ধার করা হয়।
এদিকে চিহ্নিত এই দুই চাঁদাবাজের গ্রেফতারের সংবাদে স্থানীয়দের মধ্যে স্বস্তি লক্ষ্য করা যায় এবং অবৈধ চাঁদাবাজ ও সন্ত্রাসীদের গ্রেফতারে নিরাপত্তা বাহিনীর চলমান অভিযান অব্যাহত রাখারও অনুরোধ জানায় তারা। নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় অবৈধ অস্ত্র উদ্ধার এবং চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতারে অভিযান চলমান থাকবে এবং এ ব্যাপারে স্থানীয় জনসাধারণের সহযোগিতাও চাওয়া হয়।
