খাগড়াছড়িতে ২৪ ঘণ্টার ব্যবধানে ফের অস্ত্র উদ্ধার

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ২১:৩৭

চট্টগ্রাম অফিস

খাগড়াছড়িতে ২৪ ঘণ্টার ব্যবধানে ফের অস্ত্র উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। গতকাল রবিবার জেলার সদর থানার পল্টন জয়পাড়া এলাকা থেকে একটি ভারতীয় রাজপুত ম্যাগনাম শটগান ও ৩০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ রশিদ এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত শনিবার উপজেলার পেরাছড়া এলাকা থেকে দুটি বিদেশি পিস্তল এবং তিনটি গুলি উদ্ধার করা হয়।  জানা গেছে, সদর উপজেলার পেরাছড়া এলাকায় শনিবার বিশেষ অভিযান পরিচালনা করে সেনা জোনের একটি দল। ঐ অভিযানে উপজাতি সশস্ত্র সংগঠন ইউপিডিএর মূল দলের নিতু চাকমা ও পলিময় ত্রিপুরাকে আটক করা হয়। এ সময় যুক্তরাষ্ট্রের তৈরি করা দুটি বিদেশি পিস্তল (ম্যাগাজিনসহ), তিনটি গুলি ও অন্য দ্রব্যসামগ্রী জব্দ করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল সদর উপজেলার পল্টন জয়পাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি ভারতীয় রাজপুত ম্যাগনাম শটগান এবং ৩০টি অ্যামুনিশন উদ্ধার করা হয়েছে। নিতু চাকমা ইউপিডিএফের (মূল) চাঁদা আদায়কারী এবং ইউপিডিএফ গণতান্ত্রিক কেন্দ্রীয় সভাপতি তপন জ্যোতি চাকমাসহ পাঁচ হত্যাকাণ্ডের অন্যতম আসামি। ২০১৮ সালের ৪ মে খাগড়াছড়িতে নৃশংস এই হত্যাকাণ্ড ঘটে।