লিভারপুল-রিয়াল মুখোমুখি?

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ২১:৪৪

চ্যাম্পিয়ন্স লিগের ড্র আজ

  স্পোর্টস ডেস্ক

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ আর ইউরোপা লিগের নকআউট পর্বের ড্র ঘোষিত হবে আজ। সুইজারল্যান্ডের নিয়ঁতে উয়েফা সদর দপ্তরে বাংলাদেশ সময় সন্ধ্যায় অনুষ্ঠেয় এই ড্র-এ দ্বিতীয় রাউন্ডেই রিয়াল মাদ্রিদ-লিভারপুল কিংবা বার্সেলোনা-টটেনহ্যামের মতো দ্বৈরথের দেখা মিলে যেতে পারে। রিয়ালের জন্য চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগের শুরুটা ভালো হয়নি । শুরুর দুই ম্যাচেই পয়েন্ট খোয়ানোর পর অবশ্য নিজেদের গুছিয়ে নিয়েছিল কোচ জিনেদিন জিদানের দল। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া আর হয়নি তাদের। তারই ফলে এবার দলটির সামনে শঙ্কা দ্বিতীয় রাউন্ডেই লিভারপুল, ম্যানচেস্টার সিটি কিংবা বায়ার্ন মিউনিখের সামনে পড়ে যাওয়ার। 

চ্যাম্পিয়ন্স লিগের নিয়মানুযায়ী প্রত্যেক গ্রুপের চ্যাম্পিয়ন দল দ্বিতীয় রাউন্ডে খেলবে গ্রুপ রানার্স-আপ দলগুলোর একটির বিপক্ষে। তবে নিজেদের দেশের কিংবা একই গ্রুপ থেকে আসা কোনো দল হতে পারবে না সেটি। সে কারণেই দ্বিতীয় রাউন্ডেই বার্সেলোনার মুখোমুখি হবার কোনো সম্ভাবনা নেই রিয়ালের। তবে গ্রুপ রানার্স-আপ হওয়া আরেক শক্তিশালী দল টটেনহ্যাম। গেলবারের রানার্স-আপরা এবার বায়ার্ন মিউনিখের গ্রুপ থেকে দ্বিতীয় সেরা দল হিসেবে শেষ ষোলোয় এসেছে। ফলে শেষ ষোলোয় দলটির বার্সেলোনা, জুভেন্তাস কিংবা পিএসজির মুখোমুখি হবার দারুণ সম্ভাবনা তৈরি হয়েছে।  তবে এর প্রতিপক্ষ যেমনই হোক, ড্র-এর আগেই জমে উঠেছে কথার লড়াই। লিভারপুল ডিফেন্ডার অ্যান্ড্রু রবার্টসন তো জানিয়েই দিয়েছিলেন, তার দলের মুখোমুখি হতে চাইবে না কেউ। দিনচারেক আগে তিনি বলেছিলেন, ‘আমরা সব প্রতিপক্ষকেই সম্মান দেই কিন্তু আমরা জানি শেষ দুই বছরে যেভাবে খেলেছি তাতে কেউই আমাদের মুখোমুখি হতে চাইবে না, এটা পরিষ্কার।’ তবে রিয়াল কোচ জিদানও জানিয়েছিলেন লিভারপুলকে ভয় পায় না তার দল। তিনি বলেন,‘লিভারপুলের বিপক্ষে খেললে তাদের বিদায় করে দেব আমরা।’

এবার বায়ার্ন মিউনিখ রাইটব্যাক জশুয়া কিমিখও জানালেন নকআউটে কোনো দলকেই ভয় পায় না তার দল। চলতি মৌসুমে বুন্ডেসলিগায় বাজে পারফরমেন্সের কারণে শিরোপার দৌড়ে পিছিয়ে পড়লেও চ্যাম্পিয়ন্স লিগে ঠিকই দুর্বার বায়ার্ন। তারই রেশ কিমিখের কণ্ঠে থাকলো চ্যাম্পিয়ন্স লিগ ড্রয়ের আগেও, ‘এখানে কিছু দারুণ প্রতিপক্ষ অবশ্যই আছে। কিন্তু যাকেই পাই না কেন তাদের বিপক্ষে খেলায় স্বাভাবিক পরিস্থিতিতে আমরাই ফেভারিট থাকবো।’