মন্তেরিকে পেল লিভারপুল

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ২১:৪৫

ইউরোপসেরা হওয়ার সুবাদে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল থেকে খেলবে লিভারপুল। গত শনিবার নিশ্চিত হয়েছে দলটির প্রতিপক্ষ। স্বাগতিক আল সাদকে ৩-২ ব্যবধানে হারিয়ে শেষ চারে উঠে এসেছে মেক্সিকান ক্লাব মন্তেরি। শনিবার রাতে লিওনেল ভ্যাঙ্গিওনির গোলে এগিয়ে যাওয়ার পর রেগিলো ফুনেস মোরির লক্ষ্যভেদে ব্যবধান বাড়ায় সফরকারী দলটি। বাগদাদ বোনদেজাহ আল সাদের হয়ে ব্যবধান কমান। তবে এর কিছু পরই কার্লোস রদ্রিগেজের গোলে দুই গোলের অগ্রগামিতা ফিরে পায় মন্তেরি। অন্তিম সময়ে আবদেল কারিম ব্যবধান কমালেও সমতাসূচক গোলের দেখা পায়নি কোচ জাভি হার্নান্দেজের দল। ফলে আল সাদ এখন ক্লাব বিশ্বকাপের পঞ্চম স্থানের জন্য লড়বে স্পোর্তিভ দে তুনিসের বিপক্ষে। আর দ্বিতীয় সেমিফাইনালে মন্তেরি খেলবে লিভারপুলের বিপক্ষে। আর ব্রাজিলীয় দল ফ্লামেঙ্গো প্রথম সেমিফাইনালে আল হিলালের মুখোমুখি হবে।