নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে জয় অস্ট্রেলিয়ার

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ২১:৪৫

পার্থ টেস্ট

স্পোর্টস রিপোর্টার

পার্থে প্রথম ইনিংসে যা একটু রান করতে পেরেছিল অস্ট্রেলিয়া। এরপর তিন ইনিংস ধরে চলল বোলারদের রাজত্ব। সেই রাজত্বে সবার চেয়ে এগিয়ে রইলেন মিশেল স্টার্ক। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে গতকাল নিলেন ৪ উইকেট। তার ওপর ভর করে চার দিনেই নিউজিল্যান্ডকে ২৯৬ রানের বিরাট ব্যবধানে হারাল অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে অলআউট হয়েছিল ৪১৬ রানে। জবাবে নিউজিল্যান্ড স্টার্কের তোপে ১৬৬ রানে গুটিয়ে যায়। আর দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ৯ উইকেটে ২১৭ রান করে ইনিংস ঘোষণা করে। নিউজিল্যান্ডের জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৪৬৮ রান। জবাবে সফরকারীরা ১৭১ রানে অলআউট হয়।

প্রথম ইনিংসে মাত্র ৭ রানের জন্য লাবুশানে একটা রেকর্ড মিস করেন। তিনি টানা তিনি ইনিংসে ১৫০ পার করার রেকর্ড করতে পারতেন। কিন্তু ২৪০ বলে ১৪৩ রান করে আউট হয়ে যান এই ব্যাটসম্যান।

সঙ্গী হিড ৫৬ রান করে ফেরেন। এরপর দুই বোলারকে নিয়ে আরো বেশ খানিকদূর দলকে নিয়ে যান অধিনায়ক পেইন। প্যাট কামিন্স ৮৫ বল খেলে ২০ রান করেন। আর স্টার্ক দ্রুত ৩০ রান করেন। আর শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে পেইন ৩৯ রান করেন।

জবাব দিতে নেমে ভয়াবহ বিপদে পড়ে নিউজিল্যান্ড। প্রথম দুই ওভারেই দলীয় ১ রানে ২ ওপেনারের উইকেট হারায় তারা। স্টার্ক ও হ্যাজেলউড একটি করে উইকেট তুলে নেন। এরপর রস টেলরের সঙ্গে একটা ৭৬ রানের জুটি করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন উইলিয়ামসন। ৩৪ রান করা নিউজিল্যান্ড অধিনায়ককেও ফেরান স্টার্ক। এরপর স্টার্ক দ্বিতীয় দিনের একেবারে দুই ওভার খেলা বাকি থাকতে পরপর আরো ২ উইকেট তুলে নেন। 

গতকাল স্টার্ক নিয়েছেন আরো একটি উইকেট। সেই সঙ্গে নাথান লায়ন নিয়েছেন ২ উইকেট। নিউজিল্যান্ডের রস টেলর ছাড়া কেউ লড়াই করতে পারেননি। টেলর ১৩৪ বলে ৮০ রান করে লায়নের শিকার হয়ে ফেরেন। আর শেষ দিকে গ্র্যান্ডহোম ২৩ রান করেন।

স্টার্ক ৫টি উইকেট নেন ইনিংসে। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার টপ অর্ডারে দুজন ফিফটি পেলেও ইনিংস খুব লম্বা করতে পারেননি কেউ। জো বার্নস ৫৩ রান করে আউট হন। লাবুশানে টানা চতুর্থ ইনিংসে পঞ্চাশ স্পর্শ করলেন। তিনি ঠিক ৫০ রান করেই আউট হয়েছেন। অস্ট্রেলিয়াকে ভুগিয়েছেন টিম সাউদি। তিনি ৪ উইকেট তুলে নিয়েছেন। গতকাল নিউজিল্যান্ডের ইনিংসকে অসহায় করে দেন স্টার্ক ও লায়ন। দুজনেই নিয়েছেন চারটি করে উইকেট। নিউজিল্যান্ডের কোনো ব্যাটসম্যান পঞ্চাশ রানও করতে পারেননি। 

সংক্ষিপ্ত স্কোর :

অস্ট্রেলিয়া-১ম ইনিংস: ১৪৬.২ ওভারে ৪১৬/১০

এবং ২য় ইনিংস : ৬৯.১ ওভারে ২১৭/৯ ডিক্লেয়ার (বার্নস ৫৩, লাবুশানে ৫০, স্টার্ক ২৩; সাউদি ৫/৬৯, ওয়াগনার ৩/৫৯)।

নিউজিল্যান্ড-১ম ইনিংস: ৫৫.২ ওভারে ১৬৬/১০

এবং দ্বিতীয় ইনিংস: ৬৫.৩ ওভারে ১৭১/১০ (ওয়াটলিং ৪০, গ্র্যান্ডহোম ৩৩, টেলর ২২, নিকোলস ২১; স্টার্ক ৪/৪৫, লায়ন ৪/৬৩, কামিন্স ২/৩১)।

ফল: অস্ট্রেলিয়া ২৯৬ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: মিশেল স্টার্ক।