রাবি সংবাদদাতা
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সন্ধ্যাকালীন কোর্সসহ ১৩টি নির্দেশনা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি রাজশাহী বিশ্ববিদ্যালয়। এসব নির্দেশনা নিয়ে আগামী ২২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত বুধবার ইউজিসির সদস্য অধ্যাপক দিল আফরোজা বেগম স্বাক্ষরিত একটি চিঠি উপাচার্যের দফতরে আসে। পরে উপাচার্যের দফতর থেকে চিঠিটি রেজিস্ট্রারের দফতরে পাঠানো হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার জানান, ইউজিসির নির্দেশনার সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একমত। সন্ধ্যাকালীন কোর্সের বিষয়টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী হবে। তবে আগামী ২২ ডিসেম্বর শিক্ষা পরিষদের সভায় সান্ধ্যা কোর্স নিয়ে সিদ্ধান্ত হতে পারে। এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী বলেন, সন্ধ্যাকালীন কোর্সসহ ইউজিসির ১৩টি নির্দেশনা সংবলিত একটি চিঠি পেয়েছি। ‘টেবিল এজেন্ডা’ হিসেবে আগামী একাডেমিক কাউন্সিলের সভায় সন্ধ্যাকালীন কোর্সের বিষয়ে আলোচনা হতে পারে।
