ঠাকুরগাঁও প্রতিনিধি
সরকারিভাবে সরবরাহকৃত ৪৫ টাকা দরের পেঁয়াজ ৮০ টাকা দরে বাজারে বিক্রির দায়ে ঠাকুরগাঁওয়ে এক ডিলারকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত ডিলার সদর উপজেলার রুহিয়া এলাকার আসিরুদ্দীনের ছেলে আশরাফুল ইসলাম।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, শনিবার সদর উপজেলার ২২টি পয়েন্টে উপজেলা প্রশাসনের নিয়োগকৃত ডিলারদের মাধ্যমে ৫২ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি শুরু হয়। কিন্তু সন্ধ্যায় আশরাফুল শহরের বাসস্ট্যান্ড বাজারে ৮০ টাকা দরে সেই পেঁয়াজ বিক্রি করছিল। স্থানীয়রা অভিযোগ করলে রবিবার সকালে তাকে আটক করে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
