স্ত্রীর করা মামলায় স্বামী জেলহাজতে

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ২১:৫৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রীর মামলায় সাবেক পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। গতকাল রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় আদালতে হাজির করা হলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ার ছাদাত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সালাউদ্দিন কুমিল্লার কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, মো. সালাউদ্দিনের দ্বিতীয় স্ত্রী তাহমীনা আক্তার পান্না গত ১ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক নিরোধ আইনে স্বামীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলার বিচারক সমন জারি করে আসামিকে ১৫ ডিসেম্বর আদালতে হাজির হতে নির্দেশ দেন। সমন অনুসারে রবিবার সালাউদ্দিন আদালতে হাজির হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। 

বাদীপক্ষের আইনজীবী তাসলিমা সুলতানা খানম নিশাত বলেন, ‘যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন স্ত্রী তাহমিনা। ফলে মো. সালাউদ্দিন গতকাল রবিবার আদালতে হাজির হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়।’