রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা এলাকায় গত শনিবার রাতব্যাপী রাঙ্গুনিয়া বন বিভাগ এবং কাপ্তাই ৪১ বিজিবি সদস্যদের যৌথ অভিযানে বিপুল পরিমাণ চোরাই সেগুন কাঠ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান গতকাল রবিবারও অব্যাহত রাখা হয়েছে।
রাঙ্গুনিয়া বন রেঞ্জের কর্মকর্তা প্রহলাদ চন্দ্র রায় বলেন, শনিবার রাতে ৮টা থেকে ১২টা পর্যন্ত চন্দ্রঘোনা ছুফিপাড়া গ্রামের একটি করাতকল এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৪০০ ঘনফুট গোল ও রদ্দা আকারের সেগুন কাঠ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত কাঠ কোদালা বন বিটের হেফাজতে আনা হয়েছে। করাতকলের আশপাশে এবং কর্ণফুলী নদীতে পানির নিচের এই উদ্ধার অভিযান চালানো হয়। গতকাল রবিবার সকালে আবারও অভিযান শুরু করা হয়। এতে দুপুর অবধি আরো প্রায় ৩০০ ঘনফুট কাঠ উদ্ধার করা হয়েছে। তিনি অভিযোগ করেন, পার্বত্য চট্টগ্রামের দক্ষিণ বন বিভাগ এবং পাল্পউড বন বিভাগের চন্দ্রঘোনা, রাজস্থলী, রাইখালী বনাঞ্চল এলাকা থেকে চোরাই কাঠ ব্যবসায়ী সিন্ডিকেট চোরাই পথে এনে পাচারের উদ্দেশে এখানে মজুত করে। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হচ্ছে।
চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ কর্মকর্তা মোজাম্মেল হক শাহ বলেন, অভিযান অব্যাহত রয়েছে। অভিযান শেষে পূর্ণাঙ্গ তথ্য দেওয়া যাবে।
