ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন আজিমপুর গোরস্থানে লাশ দাফন খরচ সম্পূর্ণ ফ্রি। এই জনকল্যাণমূলক কাজের জন্য মেয়র সাঈদ খোকনের প্রতি নগরবাসী কৃতজ্ঞ। কিন্তু দাফন খরচ ফ্রি হলেও কবর-শ্রমিকদের উচ্চহারে বকসিস চাহিদার কারণে মৃতের আত্মীয়স্বজনকে অহেতুক বাড়তি খরচ ছাড়াও বিড়ম্বনার সম্মুখীন হতে হচ্ছে। মৃতের শোকাচ্ছন্ন আত্মীয়দের কাছে ৩-৪ হাজার টাকা বকশিশ দাবি করে তারা। বকশিশ না দিলে অল্পদিন পরেই কবর ভেঙে দেওয়া হতে পারে—এ আশঙ্কায় মৃতের আত্মীয়স্বজন বকসিস দিতে বাধ্য হন। শোকসন্তপ্ত মানুষকে জিম্মি করে বকশিশ আদায় অমানবিক। উল্লেখ্য, কবর নির্ধারণের দায়িত্ব কবর-শ্রমিকদের ওপর ছেড়ে দেওয়ার কারণেই তারা মানুষকে জিম্মি করতে পারছে। মৃতের দাফনের জন্য কবর নির্ধারণের দায়িত্ব শ্রমিকদের ওপর ছেড়ে না দিয়ে, দায়িত্বশীল কোনো কর্মকর্তার ওপর ন্যস্ত থাকা দরকার। অথবা একই সিরিয়ালে লাশ দাফন করা হলে নির্ধারিত সময়ের আগে ঐ কবরে পুনঃকবর দেওয়া সম্ভব হবে না। মেয়রের মহত্ উদ্যোগের সুফল যাতে নগরবাসী পেতে পারেন, তা নিশ্চিত করার জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।
মো. আলী হায়দার
ঢাকা
