কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় দগ্ধ আরো পাঁচ জনের মৃত্যু

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ২২:১৯

কেরানীগঞ্জের চুনকুটিয়ায় প্রাইম প্যাক্ট নামের প্লাস্টিক কারখানায় লাগা আগুনে দগ্ধ আরো ৫ জন মারা গেছেন। গতকাল রবিবার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিত্সাধীন অবস্থায় তারা মারা যান। এ নিয়ে এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৯ জনে।

বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন জানান, ভোর ৬টার দিকে মারা যান মোস্তাকিম (২২)। এরপর  সকাল সাড়ে  ৯টার দিকে মারা যান আব্দুর রাজ্জাক (৪৫) ও বেলা সাড়ে ১১টায় মারা যান আবু সাঈদ (২৯), সুমন (২৫) ও দুর্জয় দাস (২৩)।

ডা. সেন বলেন, রাজ্জাকের শরীরের ১০০ শতাংশ, মোস্তাকিমের ২০ শতাংশ ও আবু সাঈদের শরীরের ৮০ শতাংশ দগ্ধ ছিল। তারা ৫ জনই লাইফ সাপোর্টে ছিলেন। ময়নাতদন্তের পর তাদের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

মোস্তাকিমের মা রোকেয়া বেগম জানান, তাদের বাড়ি রাজশাহীর গোদাগাড়ি উপজেলার ঋষিপুর গ্রামে। তারা কেরানীগঞ্জে চুনকুটিয়া এলাকায় থাকেন। এক ছেলে দুই মেয়ের মধ্যে ছোটো মোস্তাকিম দুই বছর ধরে ঐ কারখানায় কাজ করত। নিহত রাজ্জাকের স্ত্রী গুলশান আরা জানান, তাদের বাড়ি কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায়। রাজ্জাকের এক মেয়ে আয়েশা অষ্টম শ্রেণিতে পড়াশুনা করে।

প্রসঙ্গত, গত বুধবার চুনকুটিয়ার ঐ প্লাস্টিক কারখানায় আগুন লাগার পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় এ পর্যন্ত ১৬ জন মারা গেলেন। এর আগে ঘটনাস্থলেই মারা যান আরো একজন।