ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন) বলেছেন, ‘আমি নৌকার বিরুদ্ধে না, আমি নৌকা বা আওয়ামী লীগকে হারাইনি, আমি একজন ব্যক্তিকে হারাইছি। যে ব্যক্তি স্বাধীনতার বিপক্ষ শক্তি, যে ব্যক্তি ৪০ বছরে তিন থানার জনগণকে উন্নয়ন থেকে অনেক পিছে নিয়ে গেছে। আমি ব্যক্তি কাজী জাফর উল্লাহর বিরুদ্ধে জয়লাভ করেছি।’ গতকাল রবিবার বিকেলে ফরিদপুরের চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আসন্ন উপজেলা পরিষদের উপনির্বাচন উপলক্ষ্যে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এমপি নিক্সন চৌধুরী এসব কথা বলেন। তিনি আরো বলেন, আসন্ন উপনির্বাচনে প্রমাণ করার সময় এসেছে, এই তিন থানার জনগণ নিক্সন চৌধুরীকে অতীতে যেভাবে ভালোবেসেছে, এখনো সেভাবেই ভালোবাসে। এ সময় তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম গঞ্জর আলী মোল্লার ছেলে উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক মো. আনোয়ার আলী মোল্লাকে চরভদ্রাসন উপজেলার উপনির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেন এবং তাকে বিজয়ী করতে একযোগে কাজ করার আহ্বান জানান। থানা আওয়ামী লীগের সভাপতি মো. আজিজুল হক মাস্টারের সভাপতিত্বে কর্মিসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শাহাদাত্ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মো. আনোয়ার আলী মোল্লা, জেলা পরিষদ সদস্য গোলাম রাব্বানী পান্নু কাজী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম মাস্টার, হাজীগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি কবিরুল আলম ব্যাপারী, ব্যবসায়ী এস এম ফরহাদ, রাসেল জামান, বজলু মৃধা, বাবুল মৃধা, ইঞ্জিনিয়ার মো. নিজাম উদ্দিন, মো. খবিরুদ্দিন মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আহসানুল হক মামুন প্রমুখ।
