ভারতকে উড়িয়ে দিল উইন্ডিজ

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ০০:১০

ভারতের মাটিতে ভারতকে অপরাজেয় বলেই মনে হচ্ছিল। কিন্তু সেই ধারণাটায় প্রবল একটা ধাক্কা দিল গতকাল ওয়েস্ট ইন্ডিজ। চেন্নাইতে অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতকে ৮ উইকেটে হারিয়েছে সফরকারী ক্যারিবীয়রা।

আগে ব্যাট করে ভারত ৮ উইকেটে ২৮৭ রান তোলে। জবাব দিতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে ১৩ বল বাকি থাকতেই ম্যাচ নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ।

আগে ব্যাট করা ভারত শুরু থেকেই স্বস্তিতে ছিল না। ২৫ রানেই বিরাট কোহলি ও লোকেশ রাহুলের উইকেট হারিয়েছিল তারা। এরপর ব্যক্তি ৩৬ রান করে ফিরে আসেন রোহিত শর্মাও। এখান থেকে দলকে টেনে তোলেন শ্রেয়াশ আয়ার ও রিশভ পান্ট। শ্রেয়াশ ৭০ ও পান্ট ৭১ রান করেন। আর কেদার যাদব ৩৫ বলে ৪০ রান করেন।

জবাব দিতে নেমে মাত্র ১১ রানে প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু এ সময়টা ধরে রাখতে পারেনি ভারতীয়রা। এখান থেকে ২১৮ রানের জুটি করেন ওপেনার সেই হোপ ও সিমরন হেটমেয়ার। দুই জনই সেঞ্চুরি করেন। এর মধ্যে বেশি আক্রমণাত্মক ছিলেন হেটমেয়ার। তিনি ১০৬ বলে ১১টি চার ও ৭টি ছক্কায় ১৩৯ রান করে আউট হন। অন্য প্রান্তে ১৫১ বলে ১০২ রানে অপরাজিত থাকেন হোপ।

তবে জয়টা নিশ্চিত করেন শেষ দিকে এসে ২৩ বলে ২৯ রান করা নিকোলাস পুরান।