তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বাংলাদেশের বর্তমান ইমেজ বহির্বিশ্বে তুলে ধরতে বিদেশি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল রবিবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা প্রসঙ্গে তিনি বলেন, ‘তাদের সঙ্গে আজ অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তারা নানা প্রশ্ন করেছেন। সেই সব প্রশ্নের উত্তর আমরা দিয়ে বলেছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অদম্য গতিতে এগিয়ে চলেছে। আমরা তাদের অনুরোধ জানিয়েছি বর্তমানে বাংলাদেশের ইমেজকে বিশ্বদরবারে তুলে ধরার জন্য।’
সভায় তথ্যসচিব আব্দুল মালেকসহ জার্মানি, ব্রাজিল, চেক রিপাবলিক, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, নেপাল, চীন, ভারত, থাইল্যান্ড, ফিলিপাইনস, পর্তুগাল, পোল্যান্ড, আলজেরিয়া, মালদ্বীপ, কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, যুক্তরাজ্য প্রভৃতি দেশ থেকে আগত ৪০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
অবৈধ ডিটিএইচের (ডিরেক্ট টু হোম) বিরুদ্ধে আগামী ১ জানুয়ারি থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘যেহেতু ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং আমাদের অন্য কাজের সুবিধার্থে এটি ৩১ ডিসেম্ব্বর পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ১ জানুয়ারি থেকে অভিযানে নামব।’
