স্ত্রী-সন্তান ফেলে পালিয়েছেন জাকির

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ০০:১২

কোনো কিছু না বলেই হঠাত্ করে লাপাত্তা হয়ে গেছেন জাকির হোসেন ভুঁইয়া। তিন মাস ধরে হন্যে হয়ে স্বামীকে খুঁজে পাননি আসমা বেগম। দুই সন্তানকে নিয়ে এখন পথে পথে ঘুরছেন তিনি। প্রতারক স্বামীর বিচার ও সন্তানদের ভরণপোষণের দাবিতে গতকাল বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে সংবাদ সম্মেলন করেছেন তিনি।

শায়রা আক্তার ও মনির উদ্দিন নামে দুই শিশু সন্তানকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে আসমা বলেন, ২০১০ সালের ১৩ অক্টোবর জাকিরের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে বাবার তেজ্যপুত্র পরিচয়ে শ্বশুরবাড়িতে বসবাস করতে থাকেন। পরে আসমা জানতে পারেন, জাকির হোসেন আরো একটি বিয়ে করেছেন। গত ১৩ আগস্ট জাকির সাভারে ছোটো বোনের বাসায় বেড়ানোর কথা বলে বের হন। এরপর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ থানায় একটি জিডিও করেন। আসমা বলেন, তার প্রথম স্ত্রীর নাম রেহেনা বেগম রিনা। সে ঘরেও এক সন্তান রয়েছে। এই অবস্থার মধ্যে তাকে জাকির তালাক দিয়েছেন বলে খবর ছড়াচ্ছেন তার আত্মীয়স্বজন। তার স্বামীকে খুঁজে বের করে দিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন আসমা।