নির্বাচনে পরাজয়ের দায় কাঁধে নিলেন করবিন

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ০০:১৩

ব্রিটেনের সাধারণ নির্বাচনে লেবার পার্টির পরাজয়ের দায় নিজেদের কাঁধে নিয়েছেন দলটির প্রধান জেরেমি করবিন এবং অর্থ বিষয়ক মুখপাত্র জন ম্যাকডোনেল। বিবিসির খবরে বলা হয়েছে, লেবার পার্টির এই দুই শীর্ষনেতা নির্বাচনে গতবারের চেয়ে ৫৯ আসন কম পাওয়ার দায় নিজেদের কাঁধে নিয়েছেন। নতুন বছরে তারা দুই জনই পদত্যাগ করবেন বলে জানিয়েছেন।

করবিন বলেন, ‘আসন কমে যাওয়ার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। নির্বাচনের সময় গণভোট ইস্যুতে লেবার ভোটারদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকায় দলকে মূল্য দিতে হয়েছে’। তিনি বলেন, অনেক ইস্যুতে লেবার পার্টির অবস্থান সঠিক ছিল। ব্রেক্সিট ইস্যুর প্রাধান্য না থাকলে নির্বাচনে তার পার্টি জিততে পারত। দল খারাপ করলেও আইলিংটন নর্থে বিশাল ব্যবধানে জয় পেয়েছেন জেরেমি করবিন।

জন ম্যাকডোনাল বলেন, করবিন পদত্যাগ করলে আমিও ছায়া ক্যাবিনেট থেকে পদত্যাগ করব। তার মতে, জেরেমি হলেন সঠিক নেতা। পরাজয়ের পর করবিনের পদত্যাগে চাপ বাড়ছে দলের ভেতর। ইতিমধ্যে তার পদের জন্য দলের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। উইগান এমপি লিসা নন্দি জানিয়েছেন, প্রথমবারের জন্য দলের প্রধান হতে তিনি জোরালোভাবে চিন্তাভাবনা করছেন। আগামী আট থেকে ১০ সপ্তাহের মধ্যে দলে পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।  

প্রসঙ্গত, ব্রিটেনের পার্লামেন্টের মোট ৬৫০টি আসনের নির্বাচনে কনজারভেটিভরাই পেয়েছে ৩৬৫টি আসন । আর লেবার ২০৩ আসন।