সাভারের আশুলিয়ায় তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল ভোরে আশুলিয়ার জিরাবো বাগানবাড়ি এলাকার এক্সএস ফাস্ট নিটিং নামক তৈরি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুনে প্রতিষ্ঠানটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছে মালিকপক্ষ।
ফায়ার সার্ভিস জানায়, ভোর ৫টার দিকে কারখানাটিতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বৃদ্ধি পেলে সাভার ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে সার্ভিসের আরো দুটি ইউনিট এসে অগ্নিনির্বাপণে যোগ দেয়। নিটিং কারখানাটির যন্ত্রপাতি ও তৈরি করা সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্ত সাপেক্ষে বলা যাবে।
