স্কটিশ ফার্স্ট মিনিস্টার ও স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি (এসএনপি) নেতা নিকোলা স্টারজেন বলেছেন, স্কটল্যান্ড তার ইচ্ছার বিরুদ্ধে যুক্তরাজ্যের মধ্যেই বন্দি হয়ে থাকতে পারে না। প্রধানমন্ত্রী বরিস জনসনকে হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেছেন, দ্বিতীয় একটি গণভোট অনুষ্ঠানের ক্ষমতা তাকে মঞ্জুর করতে জনসন যে অস্বীকৃতি জানাচ্ছেন, তাতে স্কটিশদের স্বাধীনতার জন্য সমর্থনই কেবল বাড়ছে। যুক্তরাজ্যে সদ্য অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে এসএনপির সাফল্য স্কটল্যান্ডের স্বাধীনতার প্রশ্নে নতুন করে গণভোট করারই রায় বলে মন্তব্য করেছেন স্টারজেন। বিবিসির একটি অনুষ্ঠানে তিনি বলেন, যুক্তরাজ্য সরকার যদি মনে করে থাকে গণভোটকে না বলে দিলেই বিষয়টি এখানে থেমে যাবে তাহলে ভুল করবে। কারণ, এটি গণতন্ত্রের একটি মৌলিক বিষয়। আপনারা স্কটল্যান্ডকে তাদের ইচ্ছার বিরুদ্ধে ইউনিয়নের ভেতর আটকে রাখতে পারেন না।
