পেঁয়াজ একটি প্রাচীন মসলা। Liliaceae পরিবারের উদ্ভিদ, বৈজ্ঞানিক নাম Alium cepa L। মানবসভ্যতার আদি থেকেই পেঁয়াজের ব্যবহার ছিল বলে জানা যায়। সেই সময় রান্নায় পেঁয়াজ ব্যবহার হয়েছে। মধ্য ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার প্রায় সাত সহস্রাব্দ আগের ব্রোঞ্জ যুগের মানববসতিতে সবজি হিসাবে পেঁয়াজ ব্যবহারের কিছু নমুনা পাওয়া গেছে। ঔপনিবেশিকদের প্রথম চাষ করা ফসল ছিল পেঁয়াজ। উর্বর বেলে-দোআঁশ মাটি পেঁয়াজ চাষের জন্য অতি উত্তম। বর্ষায় পেঁয়াজ চাষে উঁচু জমি দরকার, যেখানে বৃষ্টির পানি জমে না। জমিতে সেচ ও পানি নিকাশের ব্যবস্থা থাকতে হবে। ইউরোপীয়দের আগমনের আগে আমেরিকার আদিবাসীদের মধ্যে পেঁয়াজের ব্যবহার ছিল। তারা নানা সিরাপ, রং ও ওষধ তৈরিতে পেঁয়াজ ব্যবহার করত। কাঁচা কিংবা রান্না করে এবং রান্নার মসলা হিসাবেও ব্যবহার করা হতো পেঁয়াজ।
মসলা হিসাবে পেঁয়াজের রয়েছে বিশেষ উপকারিতা। বিভিন্ন ধরনের রান্না এবং সবজি ভাজিতে পেঁয়াজ ব্যবহার অত্যন্ত স্বাভাবিক। পিঁয়াজ কুচি বা ফালি করে কাঁচা অবস্থায় সালাদে অথবা রান্নাতে উপকরণ হিসাবে ব্যবহার হয়। পেঁয়াজ হতে পারে ঝাঁজালো, মিষ্টি অথবা তিতা। পেঁয়াজ কাটতে গিয়ে চোখের জল নাকের জল এক হলেও এটা শরীরের জন্য অত্যন্ত উপকারী ও এর রয়েছে আরোগ্য করার ক্ষমতা। মুখরোচক হিসেবেই শুধু নয়, পেঁয়াজের রয়েছে নানা ঔষধিগুণ। প্রচুর পরিমাণে বিভিন্ন ভিটামিন, মিনারেল রয়েছে। পুষ্টিবিদদের মতে, একটি বড়ো পেঁয়াজে ৮৬.৮ শতাংশ পানি, ১.২ শতাংশ প্রোটিন, ১১.৬ শতাংশ শর্করা জাতীয় পদার্থ, ০.১৮ শতাংশ ক্যালসিয়াম, ০.০৪ শতাংশ ফসফরাস ও ০.৭ শতাংশ লৌহ থাকে। ক্যালসিয়াম, পটাশিয়াম, সালফার, ক্রোমিয়াম, ভিটামিন বি ও সি সমৃদ্ধ। এই ভিটামিন সি শরীরকে বিশুদ্ধ করে এবং সীসা, আর্সেনিক ও ক্যাডমিয়াম থেকে রক্ষা করে শরীরকে। পেঁয়াজ রক্তকে জমাট বাঁধতে দেয় না এবং রক্তের কোলেস্টেরল কমায়। তাই হূিপণ্ডের জন্য অত্যন্ত উপকারী পেঁয়াজের কদরই আলাদা।
আমাদের দেশের রান্নাবান্নায় পেঁয়াজের ব্যাপক ব্যবহার লক্ষ করা যায়। বিশ্বে পেঁয়াজ উত্পাদনে প্রধান দেশ হচ্ছে চীন ও ভারত। ভারতে ষষ্ঠ শতাব্দীতে পেঁয়াজের ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। বিখ্যাত চিকিত্সাবিদ্যার গ্রন্থ ‘চক্র সংহিতা’তেও ওষুধ হিসাবে পেঁয়াজের উল্লেখ আছে। সেখানে পেঁয়াজকে মূত্রবর্ধক, হজমে সহায়ক, হূদপিণ্ড ও চোখের জন্য উপকারী হিসাবে বর্ণনা করা হয়েছে। প্রাচীনকালের এসব বর্ণনার সত্যতা মিলছে বর্তমানের নানা গবেষণায়।
