রিয়াল-সিটি মুখোমুখি

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ২১:১৪

লিভারপুল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা রক্ষায় শেষ ষোলয় বিপক্ষ হিসেবে পেল অ্যাটলেটিকো মাদ্রিদকে। গতকাল সোমবার সুইজারল্যান্ডের নিয়ঁতে উয়েফা সদর দপ্তরে নকআউট পর্বের ড্র ঘোষিত হয়। এতে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেষ্টার সিটি পরস্পর প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হয়েছে। ফলে চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবারের মতো মুখোমুখি হবেন কোচ জিনেদিন জিদান ও পেপ গার্দিওলা। 

দুজনেই একাধিকবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। ফরাসি জিদান ২০১৬ সাল থেকে টানা তিনবার শিরোপা জিতিয়েছিলেন রিয়ালকে। অপরদিকে গার্দিওলা বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন ২০০৯ ও ২০১১ সালে।

রিয়াল এবার চ্যাম্পিয়নস লিগে ভালো শুরু করতে পারেনি। শুরুর দুই ম্যাচেই পয়েন্ট খোয়ানোর পর কোচ জিনেদিন জিদানের দল নিজেদের গুছিয়ে নেয়। কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারেনি। তারই ফলে এবার দলটি নকআউটে পেল কোচ গার্দিওলার সিটিকে। গার্দিওলার দল প্রিমিয়ার লিগে সুবিধা করতে না পারায় মহাদেশীয় লিগটিতে ভালো করতে মরিয়া থাকবে।  

চেলসির  প্রতিপক্ষও কঠিন। ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি পেয়েছে পাঁচ বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী বায়ার্ন মিউনিখকে। বার্সেলোনা পেয়েছে ন্যাপোলিকে। গতবারের ফাইনালিস্ট টটেনহ্যামের খেলা পড়েছে লিপজিগের। কোচ মরিসিও পচেত্তিনোর অধীনে টটেনহ্যাম গেলবার অল্পের জন্য শিরোপা জিততে ব্যর্থ হয়। এবার অবশ্য মরিসিও নেই। লিগে ভালো করতে না পারায় তিনি বরখাস্ত হন। তার জায়গায় দলটির হাল ধরেছেন আরেক চ্যাম্পিয়ন্স লিগ জয়ী কোচ হোসে মরিনহো। পর্তুগিজ এই কোচ ২০০৪ সালে তার দেশের দল পোর্তো এবং ২০১০ সালে ইন্টার মিলানকে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছিলেন। 

চ্যাম্পিয়ন্স লিগের নিয়মানুযায়ী প্রত্যেক গ্রুপের চ্যাম্পিয়ন দল দ্বিতীয় রাউন্ডে গ্রুপ রানার্সআপ দলগুলোর কোনো একটির বিপক্ষে খেলে। শেষ ষোলয় প্রথম লেগের খেলাগুলো হবে ১৮, ১৯ ও ২৬ ফেব্রুয়ারি। ফিরতি লেগ হবে ১০, ১১, ১৭ ও ১৮ মার্চ। ফাইনাল হবে তুরস্কের ইস্তাম্বুলের আতাতুর্ক স্টেডিয়ামে।  লিভারপুলের স্মৃতিধন্য এ স্টেডিয়াম। কেননা বর্তমান চ্যাম্পিয়নরা ২০০৫ সালে এ মাঠে তিন গোলে পিছিয়ে পড়েও এসি মিলানের সঙ্গে ৩-৩ ড্র করে। পরে পেনাল্টিতে মহাকাব্যিক এ ফাইনালে মিলানকে হারিয়ে শিরোপা জিতেছিল অলরেডরা।

n   বরুশিয়া ডর্টমুন্ড        পিএসজি

n   রিয়াল মাদ্রিদ          ম্যানচেষ্টার সিটি

n   আটলান্টা               ভ্যালেন্সিয়া

n   অ্যাটলেটিকো মাদ্রিদ  লিভারপুল

n   চেলসি                  বায়ার্ন মিউনিখ

n   লিয়ঁ                     জুভেন্তাস

n   টটেনহ্যাম               লিপজিগ

n   ন্যাপোলি               বার্সেলোনা