বেনজেমার গোলে রক্ষা রিয়ালের

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ২১:১৫

করিম বেনজেমার ৯৫তম মিনিটের গোলে ড্র করে হার বাঁচাল রিয়াল মাদ্রিদ। নইলে স্বাগতিক ভ্যালেন্সিয়া ৭৮তম মিনিটে কার্লোস সোলের দেওয়া গোলের সুবাদে গত রবিবারের খেলাটি জয়ের পথেই ছিল।

রিয়াল এ খেলাটিতে জিতলে স্পানিশ লিগে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনাকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠতে পারত। কিন্তু কোচ জিনেদিন জিদানের দল সে সুযোগ হারায় ১-১ গোলে ড্র করে। এখন ১৬ খেলা শেষে স্পানিশ জায়ান্টরা সমান ৩৫ পয়েন্টেই আছে। তবে গোল গড়ে পিছিয়ে আছে রিয়াল। গোলরক্ষক থিবো কোর্তোয়া যোগ হওয়া সময়ে কর্ণারে বিপক্ষের একটি আক্রমণ থেকে দলকে কর্ণারে রক্ষার পরই বেনজেমার গোলটি আসে। ফলে আগামী বুধবার এল ক্ল্যাসিকোয় বার্সেলোনার মুখোমুখির হওয়ার আগে কিছুটা স্বস্তি পেল জিদানের দল। বার্সেলোনার মাঠেই অনুষ্ঠিত হবে খেলাটি।

জিদান এদিন তার মিডফিল্ড ভরসা ক্যাসেমিরোকে বিশ্রাম দেন। আবার গ্যারেথ বেলকে আবারো বেঞ্চে বসিয়ে দ্বিতীয়ার্ধে মাঠে নামান তাকে। দুই সপ্তাহের মধ্যে বেলের এটি প্রথম আবির্ভাব মাঠে। কিন্তু ১ সেপ্টেম্বরের পর থেকে এখনো রিয়ালের হয়ে কোনো গোলের দেখা পাননি বেল।

ফরাসি স্ট্রাইকারটি অবশ্য আশা জাগিয়ে রাখেন দলের। এ নিয়ে চলতি মৌসুমে লিগে ১২ গোল করলেন বেনজেমা। সেরা গোলদাতার লড়াইয়ে তিনি এখন লিওনেল মেসির সঙ্গে তালিকায় একই অবস্থানে আছেন। ৯ গোল নিয়ে তৃতীয় স্থানে আছেন লুই সুয়ারেজ। সব মিলিয়ে দলের হয়ে ২০ খেলায় ১৬ গোল হলো তার।

কোচ জিদান পরে খেলাটি সম্পর্কে জানান, তার দল কখনো হাল ছাড়ে না। তিনি বলেন, ‘আমাদের প্রথমার্ধটা ছিল দারুণ এবং আমরা শুধু গোলের দেখা পাচ্ছিলাম না। আমরা কখনো হাল ছাড়ি না। আমরা সবসময়েই আরো চাই এবং সবশেষে আমরা অন্তত ড্রয়ের জন্য যথেষ্ট করেছি।’

ফরাসি এই কোচ বলেন, ‘এটাই রিয়াল মাদ্রিদ। আমরা কখনোই আমাদের মাথা নিচু করি না। ভ্যালেন্সিয়ার গোলের পর আমাদের চেষ্টা চালাতেই হতো এবং ব্যবধান ফিরিয়ে আনতে হতো। অবশেষে আমরা সেটা করতে পেরেছিলাম।’