ফেডারেশন কাপ শুরু কাল

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ২১:১৫

আগামীকাল বুধবার থেকে ফেডারেশন কাপ দিয়ে শুরু হতে যাচ্ছে ফুটবলের নতুন মৌসুম। এ টুর্নামেন্ট দিয়ে আবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ফুটবলে মেতে উঠবে। ফুটবলারদের দলবদল শেষ হয়েছে ২০ নভেম্বর। এর আগে চট্টগ্রামে শেখ কামাল ফুটবল টুর্নামেন্ট দর্শকদের মাতালেও ফেডকাপ দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে ফুটবল মৌসুমের পর্দা উঠবে।  ১৩ ক্লাব নিয়ে এই আয়োজন নতুন চ্যালেঞ্জ ছড়াবে। বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী গতবার লিগ শিরোপা হারিয়েছে। তাই তারা মৌসুমের প্রথম ট্রফি ঘরে তুলতে মরিয়া। অপরদিকে দেশের ঐতিহ্যবাহী দুটি দলের অন্যতম মোহামেডান নতুন উদ্যোগে ঘুরে দাঁড়াতে চায়।

 দেশের ঘরোয়া ফুটবলে গতবার ফেডারেশন কাপ, স্বাধীনতা কাপ এবং  প্রিমিয়ার লিগ উত্তেজনার পরশ ছড়িয়েছিল। ফেডারেশন কাপ জিতেছিল আবাহনী, স্বাধীনতা কাপ ও লিগ শিরোপা তুলে নিয়েছিল নবাগত বসুন্ধরা কিংস। এবার বসুন্ধরা আর নবাগত দল নয়। নবাগত হয়েছে পুলিশ।

 ফেডকাপের এটি হবে ৩১তম আসর। এরই মধ্যে ফিকশ্চার গ্রুপিং হয়ে গেছে।  উদ্বোধনী দিনে বিকাল চারটায় মাঠে নামছে আবাহনী ও নবাগত পুলিশ দল। প্রায় ১০ বছর পর আবার দল দুটি  মুখোমুখি হতে যাচ্ছে।

বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী এরই মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচও খেলেছে রহমতগঞ্জ ও উত্তর বারিধারার বিপক্ষে। ম্যাচের ফলাফল যাই হোক পর্তুগীজ কোচ মারিও লেমস চেয়েছেন টিম কম্বিনেশনটা নির্ধারণ করতে। কারণ বিদেশি কিছু নতুন ফুটবলার যোগ হয়েছে তার দলে। ঘরের ছেলে নাইজেরিয়ান সানডে চিজোবা, হাইতির কারভেন্স বেলফোর্ট, মিশরের নাসেরের সঙ্গে যোগ হয়েছে জার্মান বংশোদ্ভূত কিরগিজ ফরোয়ার্ড এডগার  বার্নহার্ড এবং ব্রাজিলিয়ান মেইলসন আলভেস। এবারের ফেডারেশন কাপ আবাহনীর শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ। গত বছর ঘটনাবহুল ফাইনালে বসুন্ধরা কিংসকে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা জিতেছিল আবাহনী। ফেডারেশন কাপ দিয়েই আবারও শিরোপার ধারায় ফিরতে চায় আসরটিতে সর্্বোচ্চ ১১ বার ট্রফি ঘরে তোলা আবাহনী।

নতুনভাবে জেগে ওঠার অপেক্ষায় মোহামেডান। দলে নেই কোনো বড়ো তারকা। ইংলিশ কোচ শিন লিন চোখ-কান বন্ধ করে নামে বিখ্যাত মোহামেডানের অখ্যাত দলটাকে তৈরি করছেন। কোনো লক্ষ্য নেই। গ্রুপপর্বে উতরে গেলে বাকি চিন্তা তার। ফেডকাপে মোহামেডান ১০ বার ট্রফি ঘরে তুলেছিল। অনেকদিন ধরে তারাও ট্রফির মুখ দেখছে না। এবারও নেই।