মুক্তিযুদ্ধে শহিদ ১৪ পরিবারকে সংবর্ধনা দিলেন কাউন্সিলর সফিকুল

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ২২:০১

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে পাকহানাদার বাহিনীর নৃশংস হত্যাকাণ্ডে শহিদ ১৪ পরিবারকে সংবর্ধনা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. সফিকুল ইসলাম। গতকাল সোমবার বাড্ডার সাঁতারকুল এলাকায় এ সংবর্ধনার আয়োজন করা হয়।

মেরুল এলাকার ছয় জন সংবর্ধনাপ্রাপ্ত শহিদরা হলেন—রঘুনাথ মণ্ডল, সুরধনী, বেণী, স্বর্বসুনা, ক্ষেত্রমহন সরকার ও মনোহর মণ্ডল। অন্যদিকে পাঁচখোলা এলাকার আট জন সংর্বধনাপ্রাপ্ত শহিদরা হলেন—আশানন্দ মিস্ত্রী, চাঁনমোহন মণ্ডল, রংমালা, জিবনী মণ্ডল, সুরেন্দ্র সরকার, হরিন্দ্র সরকার, ঊর্মিলা মণ্ডল ও কৃষ্ট মনি। শহিদদের পরিবারের সদস্যদের হাতে অতিথিরা ক্রেস্ট তুলে দেন।

কাউন্সিলর মো. সফিকুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর কামরুন নাহার, সাঁতারকুল স্কুল অ্যান্ড কলেজের সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম, প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মফিজুল ইসলাম প্রমুখ। কাউন্সিলর মো. সফিকুল ইসলাম বলেন, ‘১৯৭১ সালে পাক হানাদার বাহিনী খুব নির্মমভাবে আমার এলাকার এই মানুষগুলোকে হত্যা করেছে। তখন তাদের দাহ করার মতোও অবস্থা ছিল না। তাদের পরিবারও ছিল অবহেলিত। তাই আমি নিজ উদ্যোগে এই মহান দিনে তাদের পরিবারকে সম্মানিত করার ব্যবস্থা করেছি।’

সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর কামরুন নাহার বলেন, ‘বঙ্গবন্ধুর মাধ্যমে বাঙালি স্বাধীনতা পেয়েছে আর শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশ উন্নতির দিকে যাচ্ছে। আমরা আবারও উন্নয়নের জন্য শেখ হাসিনাকে ক্ষমতায় রাখব।’ সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান শেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।