যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে গতকাল সোমবার চট্টগ্রাম নৌ অঞ্চলে বাদ ফজর সব মসজিদে স্বাধীনতা যুদ্ধে শাহাদত বরণকারী বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দিবসের তাত্পর্য তুলে ধরে চট্টগ্রাম নৌ অঞ্চলের সব জাহাজ ও ঘাঁটিতে মুক্তিযুদ্ধবিষয়ক বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। চট্টগ্রাম নেভাল জেটিতে নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা সমুদ্র অভিযান সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়। বিপুল সংখ্যক মানুষ যুদ্ধজাহাজটি পরিদর্শন করেন।
গতকাল সকালে খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা মহান স্বাধীনতা যুদ্ধে শহিদ বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও শহিদ বীর বিক্রম মহিবুল্লাহর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অব অনার প্রদান করেন। এ সময় খুলনা নৌ অঞ্চলের উচ্চপদস্থ কর্মকর্তা ও নৌসদস্যগণ উপস্থিত ছিলেন। এর আগে খুলনা নৌ অঞ্চলের সব মসজিদে বাদ ফজর স্বাধীনতা যুদ্ধে শাহাদত বরণকারী বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত, দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দিবসটির তাত্পর্য তুলে ধরে খুলনার বানৌজা তিতুমীর এবং বাগেরহাটে অবস্থিত বানৌজা মংলা ঘাঁটিতে মুক্তিযুদ্ধভিত্তিক বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া খুলনার বিআইডব্লিউটিএ রকেট ঘাটে বানৌজা পদ্মা, মংলার দিগরাজ নেভাল জেটিতে বানৌজা সাংগু এবং বরিশালের বিআইডব্লিউটিএ ঘাটে বানৌজা কর্ণফুলী জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়। এসব জাহাজ পরিদর্শন করতে আসেন বিপুল সংখ্যক মানুষ।
