চট্টগ্রামের বোয়ালখালীতে হাতির আক্রমণে কৃষক নিহত

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ২২:০২

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পাহাড়ি এলাকা থেকে লোকালয়ে নেমে আসা হাতির আক্রমণে এক কৃষক মারা গেছেন। গত মাসে একই উপজেলায় হাতির আক্রমণে মৃত্যু হয়েছিল তিন জনের। গতকাল সোমবার সকালে উপজেলার জ্যৈষ্ঠপুরা গ্রামে হাতির আক্রমণে নিহত কৃষকের নাম  রূপন দাশ (৪২)। তিনি বোয়ালখালী উপজেলার ঐ গ্রামের যতীন্দ্র দাশের পুত্র।

পুলিশ সূত্র জানায়, করলডেঙ্গা পাহাড় থেকে নেমে আসা হাতির পাল গত তিন দিন ধরে জ্যৈষ্ঠপুরা-খরণদ্বীপসহ আশপাশের গ্রামে বিচরণ করছে। গতকাল ভোর ৬টার দিকে জ্যৈষ্ঠপুরা গ্রামে সূর্যব্রত বিলে কাজ করছিলেন কৃষক রূপন দাশ। এসময় হাতির আক্রমণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গত মাসে ৯টি হাতির একটি পাল করলডেঙ্গা পাহাড় থেকে বোয়ালখালীর লোকালয়ে ঢুকে পড়েছিল। গত ২৪ নভেম্বর হাতির পালটি ফিরে যাওয়ার সময় উপজেলার বিভিন্ন স্থানে আক্রমণ চালালে তিন জনের মৃত্যু হয়।