তিন সিটি করপোরেশনকে ১৫০টি বর্জ্যবাহী গাড়ি দিল জাপান

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ২২:০৩

ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনকে ১৫০টি বর্জ্যবাহী গাড়ি দিয়েছে জাপান সরকার। গত  রবিবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নোয়াকি ইতো স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলামের কাছে গাড়ির চাবি হস্তান্তর করেন। পরে স্থানীয় সরকারমন্ত্রী চাবিগুলো ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম এবং ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে চাবি হস্তান্তর করেন। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে ৫৬টি করে এবং চট্টগ্রাম সিটি করপোরেশনকে ৩৮টি গাড়ি দেওয়া হয়েছে।

চাবি হস্তান্তর অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বাংলাদেশের পরীক্ষিত বন্ধু জাপান সরকার ৭৭ কোটি টাকা মঞ্জুরি সহায়তার অধীনে তিন সিটি করপোরেশনকে ১৫০টি বর্জ্যবাহী গাড়ি দিয়েছে। এই গাড়িগুলোর জন্য তিন সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় সক্ষমতা আরো বাড়বে।