দুর্ঘটনায় পড়ে যাওয়া ৬০টি মিটার গেজ (ছোটো লাইনের) কোচ মেরামত হচ্ছে দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানায়। রংপুর এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের ঐ কোচগুলো গত ১৪ নভেম্বর সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্টেশনে দুর্ঘটনায় পড়ে। এ সময় কোচগুলোতে আগুন লেগে যায়।
সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক(ডি এস) মুহা. জয়দুল ইসলাম জানান, সৈয়দপুর রেলওয়ে কারখানার ক্যারেজ শপে (উপ-কারখানা) এরই মধ্যে ছয়টি কোচ মেরামত সম্পন্ন হয়েছে। বাকিগুলোর মেরামত চলছে। এর অর্থ যোগান দিচ্ছে রাজস্ব খাত। ইন্দোনেশিয়া থেকে আমদানি করা নতুন মূল্যবান ঐ কোচগুলো দুর্ঘটনায় আগুনে পুড়ে যায় এবং ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। এর মধ্যে ট্রেন বহরে একটি পাওয়ার কারসহ সাতটি কোচ রয়েছে। গত ২৩ নভেম্বর সৈয়দপুর রেলওয়ে কারখানায় পাঠানো হয় কোচগুলো।
