বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির
আশীর্বাদ :এলজিআরডি মন্ত্রী
মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা ‘১৯৭১ সালের ২৫ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণা বাঙালির জন্য ছিল আশীর্বাদস্বরূপ। তিনি বাঙালি জাতির জন্য আশীর্বাদ ছিলেন। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে স্থান পেয়েছে।’ রবিবার মনোহরগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বিজয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, লাকসাম উপজেলা আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) এনায়েতউল্লাহ, উপজেলা চেয়ারম্যান মো. জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল আজিজ, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম চৌধুরী, উপজেলা যুবলীগ আহ্বায়ক দেওয়ান জসীমউদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহউদ্দিন ভূঁইয়া, ছাত্রলীগ সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমুখ।
জাতীয় পতাকা উত্তোলনে অনিয়ম নোয়াখালীতে ১১ ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা
নোয়াখালী প্রতিনিধি জাতীয় পতাকা যথা নিয়মে উত্তোলন না করায় জেলা শহর মাইজদীর ১১ ব্যবসাপ্রতিষ্ঠানকে ৮ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান খান এ জরিমানা করেন। জেলা শহরের সোনাপুর জিরো পয়েন্ট থেকে মাইজদী বাজার পর্যন্ত এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় পতাকা ১৯৭২ বিধিমালা অনুযায়ী এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
চাটখিলে পেঁয়াজ বিক্রি শুরু
চাটখিল ও সোনাইমুড়ী (নোয়াখালী) সংবাদদাতা নোয়াখালী জেলার চাটখিলের খিলপাড়া বাজারে সোমবার বিজয় দিবসে টিসিবির পেঁয়াজ, মসুর ডাল ও সয়াবিন তেল বিক্রি শুরু হয়েছে। সকালে মধ্যবাজারে এ কর্মসংস্থার উদ্বোধন করেন চাটখিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শোয়েব হোসেন বুলু। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষাবিদ নূর আলম কালু, ছায়েদুর রহমান কালু মাস্টার, টিসিবির ডিলার নুর আলম বিপ্লব প্রমুখ। উপজেলায় প্রতি কেজি পেঁয়াজ ৪৫ টাকা, মসুর ডাল ৫০ টাকা এবং সয়াবিন তৈল ৮৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
খুবি শিক্ষক সমিতির নির্বাচন আজ
খুবি সংবাদদাতা খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) শিক্ষক সমিতির নির্বাচন আজ মঙ্গলবার। নির্বাচনে অংশ নিচ্ছেন আওয়ামী লীগ ও বিএনপিপন্থি শিক্ষকদের তিন প্যানেল। আওয়ামী লীগপন্থি শিক্ষকদের দুটি প্যানেলের মধ্যে রয়েছে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) ও বঙ্গবন্ধু পরিষদ। বিএনপিপন্থি শিক্ষক প্যানেল হলো ন্যাশনালিস্ট টিচার্স অ্যাসোসিয়েশন (এনটিএ)। স্বাশিপ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন প্রফেসর ড. মোসাম্মাত্ হোসনে আরা ও প্রফেসর ড. আশীষ কুমার দাস। বঙ্গবন্ধু পরিষদ হতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে লড়ছেন প্রফেসর ড. মাহমুদ হোসেন ও প্রফেসর ড. তরুণ কান্তি বোস। এদিকে বিএনপিপন্থি শিক্ষক প্যানেল এনটিএ হতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন প্রফেসর মো. খসরুল আলম ও প্রফেসর শরীফ মোহাম্মদ খান।
বিরামপুরে আট মাদক সেবি ও বিক্রেতার কারাদণ্ড
বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা মাদক বিক্রি ও সেবনের অভিযোগে বিরামপুর উপজেলায় আট নারী-পুরুষকে বিভিন্ন মেয়াদে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার পুলিশ তাদের দিনাজপুর কারাগারে পাঠিয়েছে। বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, রবিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক সেবনের সময় ঐ যুবকদের এবং মাদক বিক্রির অপরাধে এক নারীকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমানের কাছে হাজির করা হলে তিনি ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।
বরিশালে ইয়াবাসহ আটক দুই
বরিশাল অফিস নগরীতে ১০০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃতরা হলো—আরিফুর রহমান তানভীর ও মেহেদী হাসান সম্রাট। রবিবার সন্ধ্যায় ডিবির এসআই রেহানের নেতৃত্বে বিজয় দিবস উপলক্ষ্যে নগরীর বৈদ্যপাড়া এলাকায় বিশেষ চেকপোস্ট বসানো হয়। এ সময় তানভীর ও সম্রাট নামের দুই যুবককে তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
মিরসরাইয়ে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা মিরসরাই থানা পুলিশ অজ্ঞাত এক নারীর (৪৫) লাশ উদ্ধার করেছে। সোমবার দুপুর ১২টায় মিরসরাই পৌরসভার ২ নম্বর তারাকাটিয়া গ্রামের জোবেদা ম্যানশনের সামনের গলি থেকে লাশ উদ্ধার করা হয়। তারাকাটিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, প্রায় এক মাস ধরে অজ্ঞাত ঐ নারীকে আমাদের এলাকায় দেখা যাচ্ছিল। মানসিক ভারসাম্যহীন হওয়ায় এলাকার লোকজন তাকে খাবার দিত। সোমবার সকালে জোবেদা ম্যানশনের সামনে মৃত অবস্থায় তাকে পাওয়া যায়। মিরসরাই থানার পুলিশ পরিদর্শক দিনেশ চন্দ্র দাশগুপ্ত জানান, অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।
