জকিগঞ্জে ট্রলির নিচে চাপা পড়ে প্রেমিক যুগল নিহত

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ২২:৪৪

গতকাল সোমবার সিলেটের জকিগঞ্জে ট্রলির নিচে চাপা পড়ে প্রেমিক যুগল নিহত হয়েছেন। এছাড়া পাবনার ঈশ্বরদী উপজেলায় এবং নিলফামারী জেলায় পৃথক দুই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও দুজন।

সিলেট অফিস জানায়, সীমান্তবর্তী জকিগঞ্জে ইটবাহী ট্রলির নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী এক প্রেমিক যুগল নিহত হয়েছেন। সোমবার বিকালের দিকে জকিগঞ্জ-সিলেট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কানাইঘাট উপজেলার দিঘিরপার ইউনিয়নের শাহপুর গ্রামের জমির উদ্দিনের ছেলে রাসেল আহমদ (২৭) এবং জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের মাতারগ্রামের হারিছ উদ্দিনের মেয়ে শাবনুর বেগম (১৯)। রাসেল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি ছিলেন। অন্যদিকে শাবনুর সিলেট পলিটেকনিক ইন্সিটিউটের ৩য় বর্ষের ছাত্রী ছিলেন। শাবনুর পড়াশোনার জন্য সিলেট শহরে একটি ছাত্রী হোস্টেলে থাকতেন।

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা জানান, ঈশ্বরদীতে মোটর সাইকেল দুর্ঘটনায় মোঃ সোহেল (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার ঈশ্বরদী-পাবনা মহাসড়কে হারুখালি মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সোহেল পাবনার হেমায়েতপুর এলাকার মোঃ আব্দুস সাত্তারের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, ঈশ্বরদীতে আত্মিয়ের বাড়িতে বেড়ানো শেষে পাবনায় নিজ বাড়িতে ফেরার সময় মোটর সাইকেল উল্টে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নীলফামারী প্রতিনিধি জানান, নীলফামারীতে কাঠ বোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে এনতাজ উদ্দিন(৪২) নামে এক মোটর সাইকেল আরোহির মৃত্যু হয়েছে। সোমবার বিকালে নীলফামারী-দেবীগঞ্জ সড়কের যুগিপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত এনতাজ উদ্দিন জয়গঞ্জ ডারারপাড় গ্রামের জামাল উদ্দিনের পুত্র বলে জানা গেছে। এ ঘটনায় উত্তেজিত জনতা ঘন্টাব্যাপি সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। নীলফামারী সদর থানার ওসি মমিনুল ইসলাম জানান, পুলিশ ট্রলিটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।

রাজধানীতে ব্যবসায়ী নিহত

রাজধানীর ভাটারা এলাকায় সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তার নাম বাচ্চু মিয়া (৫২)। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বাচ্চুর আত্মীয় সাইদুল ইসলাম জানান, গতকাল সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ভাটারার নতুন বাজারের মসজিদের পাশের রাস্তা পার হওয়ার সময় একটি সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় বাচ্চু আহত হন। রক্তাক্ত অবস্থায় পথচারীরা তাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে তার আত্মীয়রা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। বাচ্চু পেশায় মাংস ব্যবসায়ী। তার বাবার নাম আনিছুর রহমান। তিনি বাড্ডা এলাকায় পরিবার নিয়ে থাকতেন।