প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে প্রতিটি খাতে বাংলাদেশের অর্জিত অসাধারণ অগ্রগতির প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী গতকাল সোমবার মোদির কার্যালয়ে তার সঙ্গে বিদায়ি সাক্ষাত্ করতে গেলে তিনি এ প্রশংসা করেন।
৩০ মিনিট ধরে চলা এ বৈঠকে হাইকমিশনারের মাধ্যমে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী মোদি। সেই সঙ্গে তিনি আগামী বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনে তাকে বাংলাদেশে আমন্ত্রণ করায় সন্তোষ প্রকাশ করেন। হাইকমিশনারকে মোদি বলেন, আমি এ অনুষ্ঠানে যোগ দেওয়ার অপেক্ষায় রয়েছি, তিনি ভারত-বাংলাদেশ সম্পর্ক, যাকে এখন এক সোনালি অধ্যায় হিসেবে দেখা হচ্ছে, তাকে এগিয়ে নিতে নিজের পাঁচ বছরের মেয়াদে রাখা অবদানের জন্য বিদায়ি হাইকমিশনারকে ধন্যবাদ জানান। এ সময় হাইকমিশনার ঐতিহ্যবাহী বাংলা কারুশিল্পের নিদর্শন হিসেবে ভারতের প্রধানমন্ত্রীকে একটি ফ্রেমে বাঁধানো নকশিকাঁথা উপহার দেন।
