দেশের রাজনীতিতে বিএনপি অশান্তির বিষবৃক্ষ :ইনু

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ২২:৪৯

জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘বাংলাদেশের রাজনীতিতে বিএনপি-জামায়াত একটি অশান্তির বিষবৃক্ষ। এই বিষবৃক্ষ আর যেন বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াতে না পারে তার নিশ্চয়তার মধ্য দিয়েই আমরা বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উদ্যাপন করতে চাই।’ গতকাল সোমবার মহান বিজয় দিবস উপলক্ষ্যে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি আরো বলেন, ‘২০২১ সালে বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করবে। মাঝখানে ১৯৭৫ সালে একটা রাজনৈতিক বিপর্যয় ঘটেছে। সামরিক শাসক এবং সাম্প্রদায়িক শক্তি, রাজাকার এবং যুদ্ধাপরাধীরা দেশটাকে দখল করে নিয়েছিল। এখন শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঘুরে দাঁড়িয়েছি। বাংলাদেশ আবার বাংলাদেশের পথে চলছে।’

জাসদ সভাপতি বলেন, ‘সুবর্ণজয়ন্তী উদ্যাপনের আগে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সম্পূর্ণ শান্তি প্রতিষ্ঠা করার জন্য রাজাকার সমর্থিত কোনো সরকার আর আসবে না, তার নিশ্চয়তা অর্জন করাটাই বর্তমানে গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক লক্ষ্য।