জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আমরা গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছি। গণতন্ত্রকে শতভাগ অর্জন করা সম্ভব হয় না। তবে যতটা বেশি সম্ভব, ততটাই গণতন্ত্র আমরা অর্জন করতে কাজ করব এবং সে পথে আমরা এগিয়ে যাচ্ছি। গতকাল সোমবার মহান বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
জি এম কাদের বলেন, যারা স্বাধীনতা যুদ্ধে বিরোধীতা করেছিল, তাদের সম্পর্কে জাতির সুস্পষ্টভাবে ধারণা থাকা দরকার। তাই সত্যিকারের রাজাকারদের তালিকা দেশবাসীর জন্য মঙ্গলজনক। অপর এক প্রশ্নের জবাবে জাপা চেয়ারম্যান বলেন, ধর্ম ভিত্তিক রাজনৈতিক দল এগিয়ে যাচ্ছে, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে সঠিক নয়। আমরা একই সাথে ধার্মিক, তবে ধর্মের ব্যাপারে সাম্প্রদায়িক নই। সেই রাজনীতিই এখন বাংলাদেশে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই, যাতে স্বাধীনতার সুফল সবার মাঝে পৌঁছে।
এ সময় উপস্থিত ছিলেন জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, এস এম ফয়সল চিশতী ও নাজমা আক্তার প্রমুখ।
