তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দৈনিক সংগ্রাম পত্রিকা কাদের মোল্লাকে ‘শহিদ’ হিসেবে উল্লেখ করে জাতির সঙ্গে ধৃষ্টতা দেখিয়েছে। বিজয়ের মাসে এ ধরনের অসত্য সংবাদ পরিবেশন শহিদদের রক্তস্নাত বিজয়ের ওপর কালিমা লেপনের শামিল। ‘আমরা তথ্য মন্ত্রণালয় থেকে এই অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি’ জানিয়ে মন্ত্রী বলেন, দৈনিক সংগ্রাম পত্রিকার মিডিয়া তালিকাভুক্তি ও ডিক্লারেশন কেন বাতিল হবে না, মন্ত্রণালয়ের ডিএফপি (চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর) ও জেলা প্রশাসন থেকে ইতিমধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে গতকাল রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। আওয়ামী লীগের অন্যতম মুখপাত্র হাছান মাহমুদ বলেন, রাজাকার, যুদ্ধাপরাধী ও দণ্ডপ্রাপ্ত আসামি কাদের মোল্লাকে ‘শহিদ’ হিসেবে উল্লেখ করে দৈনিক সংগ্রাম পত্রিকায় যেভাবে খবর ছাপানো হয়েছে, তা জাতির সঙ্গে ধৃষ্টতা। একাত্তরের রাজাকার ও তাদের সমর্থকদের দেশবিরোধী কোনো অপতত্পরতাকে এক চুলও ছাড় দেওয়া হবে না বলে উল্লেখ করেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের বিপক্ষের অপশক্তি, যারা দেশটাই চায়নি, তাদের রাজনীতি, তাদের আস্ফাালন মেনে নেওয়া যায় না। যারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তাদের রাজনীতি করার অধিকার থাকা উচিত নয়। মন্ত্রী বলেন, জামায়াতের নেতা কাদের মোল্লা যুদ্ধাপরাধী। একাত্তরে মহান স্বাধীনতা যুদ্ধের সময় তিনি পাকিস্তানিদের সঙ্গে আঁতাত করে দেশবিরোধী কাজে লিপ্ত ছিলেন। তিনি বলেন, একাত্তরের ঘাতক কাদের মোল্লা মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, অগ্নিসংযোগ এবং বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত ছিলেন। সে কারণে আদালতের রায়ে তার ফাঁসি হয়েছে। আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, আওয়ামী লীগের নেতা বলরাম পোদ্দার প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
