বাগেরহাট-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ তন্ময় বলেছেন, 'তরুণ প্রজন্মের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক উদ্যোগ নিয়েছেন। তথ্য প্রযুক্তিতে তরুণ উদ্যোক্তা তৈরিতে তরুণদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গ্রামাঞ্চলের কিশোর, তরুণীরা যাতে উচ্চতর ডিগ্রি নিতে পারে সেজন্য আগামীতে প্রত্যেক জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।'
মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ অডিটরিয়ামে বাগেরহাট ও কচুয়া উপজেলা সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ তন্ময় এ কথা বলেন।
তিনি আরও বলেন, 'আবারও আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের অর্থনীতির অগ্রযাত্রা অব্যাহত থাকবে। আর তরুণদের বেকারত্ব ঘুচাতে তাদের নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করতে নানামূখি পদক্ষেপ গ্রহণ করবে।'
শেখ তন্ময় আরও বলেন, 'আমার স্বপ্ন ছিল মানুষের সেবা করা, এবার আওয়ামী লীগের প্রার্থী হয়েছি। আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে আপনারা আমাকে বিজয়ী করলে আমি আপনাদের সঙ্গে নিয়ে কাজ করতে পারবো।'
আরও পড়ুনঃ ‘রাজাকারের দোসররা গুজব রটিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে’
বাগেরহাট জেলা সরকারী প্রাথমিক শিক্ষক সংগঠনের সভাপতি মো: মোজাহার আলী সরদারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খ্যাতিমান চলচ্চিত্র অভিনেতা রিয়াজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, আওয়ামী লীগ নেতা ফরিদা আক্তার বানু প্রমুখ।
ইত্তেফাক/নূহু
