বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম

অস্কারের দৌড়ে সেরা ১০

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯, ২১:০০

বিনোদন ডেস্ক

 

প্রতিবছরের শুরুতেই সবার চোখ থাকে একাডেমি অ্যাওয়ার্ডস অস্কারের দিকে। গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের মধ্য দিয়ে শুরু হয় বছরের অ্যাওয়ার্ড আলোচনা। এরপরই অস্কারের মঞ্চ। কিছুদিন আগেই ‘গোল্ডেন গ্লোব’ মনোনয়নের পর এবার অস্কার প্রকাশ করলো আরো একটি তালিকা। তবে এটি মনোনয়নের তালিকা নয়। মনোনয়নের আগে একটি শর্টলিস্ট প্রকাশ করে অস্কার কর্তৃপক্ষ। সেই তালিকাই গত সোমবার প্রকাশ করা হয়।

এরমধ্যে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম তালিকার দিকে থাকে সবার চোখ। অস্কারের এই বিভাগটির আগের নামকরণ ছিল ‘বেস্ট ফরেইন ল্যাঙ্গুয়েজ ফিল্ম’। সেরা বিদেশি ভাষার ছবির বিভাগের জন্য যে মনোনয়নগুলো জমা হয় বিভিন্ন দেশ থেকে সেখান থেকে প্রথমে শর্টলিস্ট তৈরি করা হয়। তারপর সেই শর্টলিস্ট থেকে বেছে নেওয়া হয় নমিনেশন। ৯১টি বিদেশি সিনেমা থেকে বাছাই করা হয় এবারের ১০টি সিনেমা। সেই তালিকা প্রকাশের পর থেকে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

সেরা ১০ ছবির তালিকায় জায়গা করে নিয়েছে দক্ষিণ কোরিয়ার ‘প্যারাসাইট’, স্পেনের ‘পেইন অ্যান্ড গ্লোরি’, চেকোস্লোভাকিয়ার ‘দ্য পেইন্টেড বার্ড’, এস্টোনিয়ার ‘ট্রুথ অ্যান্ড জাস্টিস’, ফ্রান্সের ‘লা মিসারেবল’, হাঙ্গেরির ‘দোজ হু রিমেইনড’, উত্তর মেসিডোনিয়া ‘হানিল্যান্ড’, পোল্যান্ডের ‘কর্পাস ক্রিশ্চি, রাশিয়ার ‘বিনপোল’ ও সেনেগালের ‘অ্যাটলান্টিকস’।

এই তালিকার মধ্যে ‘আটলান্টিকস’ও ‘লে মিসরেবল’ এরইমধ্যে বেশ কয়েকটি পুরস্কার পেয়েছে।

এই ক্যাটাগরি ছাড়াও আরো ৯টি ক্যাটাগরির শর্টলিস্ট প্রকাশ করেছে অস্কার।

অস্কারের এই ক্যাটাগরিতে প্রতিবছর বিভিন্ন দেশের মতো জমা পড়ে বাংলাদেশ ও ভারতে সিনেমা। বাংলাদেশ থেকে জমা পড়ে নাসির উদ্দিন ইউসুফ পরিচালিত তৃতীয় সিনেমা ‘আলফা’। সিনেমাটি বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করলেও সেরা ১০-এ স্থান পায়নি।

অন্যদিকে ভারত থেকে ‘গালি বয়’-এর স্বপ্নও সফল হলো না। অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল শর্টলিস্ট থেকে বাদ পড়েছে এই সিনেমাও। আলিয়া ভাট ও রণবীর সিং অভিনীত এবং জোয়া আখতার পরিচালিত ‘গালি বয়’ মুক্তি পায় চলতি বছর। বক্স অফিসে বেশ সাড়া ফেলে এই ছবি। তাই এবার সবার প্রত্যাশা ছিল মনোনয়ন পর্যন্ত হলেও তালিকায় থাকবে ‘গালি বয়’। একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে অস্কারের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে এবারের অস্কার পুরস্কার।