রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) টেকসই উন্নয়ন ও প্রযুক্তি বিষয়ে তৃতীয়বারের মতো দুই দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স শুরু হচ্ছে আজ বুধবার। এ উপলক্ষ্যে মঙ্গলবার চুয়েটের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন কনফারেন্স চেয়ার ও পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মহি উদ্দিন। চুয়েট ক্যাম্পাসে পদার্থ বিজ্ঞান বিভাগের ব্যবস্থাপনায় দুই দিনব্যাপী এই কনফারেন্সে অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, ভারত, ফ্রান্স, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং, নাইজেরিয়া ও বাংলাদেশসহ ১০টি দেশের প্রায় ২৫০ জন শিক্ষক, বিজ্ঞানী, গবেষক ও স্ব স্ব ক্ষেত্রে বিশেষজ্ঞদের মিলনমেলা বসবে। কনফারেন্সে পদার্থ বিজ্ঞান বিষয়ের নিয়মিত আলোচনার পাশাপাশি বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত ইস্যু ‘টেকসই উন্নয়ন ও প্রযুক্তি’ বিষয়ে গুরুত্বপূর্ণ প্রবন্ধসমূহ উপস্থাপিত হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কনফারেন্সের ট্রেজারার ও পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসেন, কনফারেন্স সেক্রেটারি এবং পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. স্বপন কুমার রায় প্রমুখ। উল্লেখ্য, এবার প্রাথমিকভাবে গৃহীত মোট ১৮৯টি গবেষণা প্রবন্ধের মধ্য থেকে ১৫৭টি কনফারেন্সে উপস্থাপনের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে।
কনফারেন্সে কী-নোট স্পীকার হিসেবে থাকবেন ন্যানোটেকনোলজি বিশেষজ্ঞ ও কানাডার আলবার্টা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ওয়েন কে. হাইবার্ট, প্লাজমা পদার্থবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ এ মামুন ও নিউক্লিয়ার বিজ্ঞানী ও ভারতের কলকাতা শাহ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের জ্যেষ্ঠ অধ্যাপক ড. সুশান্ত লাহিড়ী।
