তৌহিদুল ইসলাম তালুকদার, কালাই (জয়পুরহাট) সংবাদদাতা
জয়পুরহাটের কালাই-মোকামতলা মহাসড়কটি প্রশস্ত করা হলেও এর সুফল পাচ্ছেন না কালাই উপজেলাবাসী। ব্যস্ততম ও জনগুরুত্বপূর্ণ সেই মহাসড়কে গড়ে উঠেছে সিএনজি (অটোরিকশা), ইজিবাইক, ব্যাটারিচালিত অটোভ্যান ও মাইক্রোবাসের অবৈধ স্ট্যান্ড। এ কারণে কালাই মহাসড়কে প্রায়ই যানজট লেগে থাকে। এতে রোগী, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ উপজেলার বিভিন্ন শ্রেণির মানুষদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরেজমিন ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কালাই বাসস্ট্যান্ড চত্বরে উপজেলার সমাজসেবা অফিস ও উপজেলা ভূমি অফিসের সামনে চালকেরা গড়ে তুলেছেন অটোরিকশা (সিএনজি), ইজিবাইক, ব্যাটারিচালিত ভ্যান ও মাইক্রোবাসের অবৈধ স্ট্যান্ড। এসব যানবাহনের বেশিরভাগ নেই ফিটনেস, লাইসেন্স ও ইন্স্যুরেন্স। আবার চালকদের নেই কোনো প্রশিক্ষণ ও ড্রাইভিং লাইসেন্স। এছাড়া উপজেলার বিভিন্ন অফিসসহ একাধিক ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে ও মহাসড়কের দুই পাশে যানবাহনের অবৈধ পার্কিং এবং অস্থায়ী দোকানপাট বসার কারণে পথচারীসহ ব্যবসায়ীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
কালাই-বগুড়া মহাসড়কের বাসের চেইন মাস্টার মো. আতাউর রহমান বলেন, কালাই বাসস্ট্যান্ডের যাত্রীছাউনি ঘেঁষে সিএনজি চালকেরা অবৈধভাবে সিএনজি স্ট্যান্ড গড়ে তুলেছেন। ফলে যাত্রীছাউনিতে বাস ঢুকতে না পারায় মহাসড়কের ওপর যাত্রীদের নামিয়ে দিতে বাধ্য হচ্ছেন বাসের চালকেরা।
কালাই টেকনিক্যাল স্কুল অ্যান্ড মহিলা কলেজের অধ্যক্ষ এম এ করিম ও কালাই পৌরসভার বাসিন্দা অধ্যক্ষ শাহাজান আলীসহ অনেকেই বলেন, নিয়মনীতির তোয়াক্কা না করে উপজেলার সমাজসেবা অফিস ও উপজেলা ভূমি অফিসের সামনে অটোরিকশা (সিএনজি), ইজিবাইক, ব্যাটারিচালিত ভ্যান ও মাইক্রোবাসের অবৈধ স্ট্যান্ড করে রেখেছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান পলান বলেন, সমাজসেবা অফিসে বেশিরভাগ কাজ হয় প্রতিবন্ধী ও বয়স্কদের নিয়ে। এই অফিসের সামনে দীর্ঘদিন যাবত্ সিএনজি (অটোরিকশা) রাখার ফলে অফিসের সৌন্দর্য নষ্টসহ উপজেলার বিভিন্ন ধরনের প্রতিবন্ধী ও বয়স্কদের অফিসে আসতে অনেক অসুবিধা হচ্ছে।
কালাই থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ খান বলেন, কালাই মহাসড়কে কোনো অবৈধ যানবাহন চালানো আমাদের নজরে পড়েনি। এরপরও যদি কেউ অবৈধভাবে যানবাহন চালায় এবং সেখানে চাঁদা আদায় হয়, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কালাই উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোবারক হোসেন পারভেজ ইত্তেফাককে বলেন, কালাই পৌরসভার সৌন্দর্য বৃদ্ধির জন্য যানজট নিরসন, দুর্ঘটনা প্রতিরোধ এবং অবৈধ স্ট্যান্ড উচ্ছেদে অভিযান শিগিগর চালানো হবে।
