নীলফামারীর গ্রামীণ জনপদে চলছে ট্রাক্টর!

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯, ২১:৩৭

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

নীলফামারীর বিভিন্ন গ্রামীণ জনপদে অবাধে চলছে মাটি পরিবহনের ট্রাক্টর। এতে গ্রামীণ পাকা সড়কের অবস্থা খারাপ হচ্ছে। সেই সঙ্গে ঘটছে ছোটো-বড়ো দুর্ঘটনাও।

নীলফামারীর ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ, সদর ও সৈয়দপুর উপজেলায় গড়ে উঠেছে ইটভাটা। এসব ইটভাটা দূরবর্তী স্থান থেকে মাটি পরিবহনের জন্য ট্রাক্টর চালকদের নিয়োগ করেছে। তারা ট্রাক্টর ভর্তি মাটি চুক্তিতে পরিবহন করছে দিনে-রাতে। ধুলো উড়িয়ে চলছে এসব ট্রাক্টর। এরই মধ্যে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে নিহতের ঘটনাও ঘটেছে জেলার বিভিন্ন স্থানে। সৈয়দপুর উপজেলা প্রকৌশলী রায়হানুল ইসলাম জানান, এসব ট্রাক্টর চলাচলে গ্রামীণ সড়কের অপূরণীয় ক্ষতি হচ্ছে। বরাদ্দ অপ্রতুলতার কারণে ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার করা সম্ভব হচ্ছে না।

সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার জানান, সম্প্রতি নদী থেকে মাটি ও বালু উত্তোলনের দায়ে জরিমানা ও ট্রাক্টর জব্দ করা হয়েছে। এ ব্যাপারে এলাকাবাসী সচেতন হয়ে মাটি পরিবহনকারী ট্রাক্টরগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন।