সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯, ২১:৩৮

রাজশাহী মুক্ত দিবস আজ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলেও রাজশাহী পাকিস্তানি হানাদার মুক্ত হয়েছিল দুদিন পর অর্থাত্ ১৮ ডিসেম্বর।  মুক্তিবাহিনী, মিত্রবাহিনী ও গেরিলা যোদ্ধাদের ক্রমাগত আক্রমণে হানাদার বাহিনী ও তাদের দোসররা কোনঠাসা হয়ে রাজশাহী শহরে অবস্থান নেয়। তাই রাজশাহীতে স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উড়ে ১৮ ডিসেম্বর। রাজশাহী মুক্ত দিবস উপলক্ষ্যে আজ বুধবার সাহেববাজার জিরোপয়েন্ট রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সমাবেশের আয়োজন করেছে। উভয় সংগঠনের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিশিষ্ট কলামিস্ট ও মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা।

মঠবাড়িয়া মুক্ত দিবস আজ

মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা আজ ১৮ ডিসেম্বর, মঠবাড়িয়া মুক্ত দিবস। ১৯৭১ সালের আজকের এই দিনে মঠবাড়িয়া হানাদার মুক্ত হয়। ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হলেও মঠবাড়িয়া তখনো ছিল স্বাধীনতা বিরোধী রাজাকারদের দখলে। দিবসটি উপলক্ষ্যে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

বেলকুচি মহিলা কলেজে নবীনবরণ

বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজের উদ্যোগে মঙ্গলবার বিজয় দিবস উপলক্ষ্যে ক্রীড়া, নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ মো. শামচুল আলমের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক আব্দুল হামিদ সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঐ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মো. আব্দুল লতিফ বিশ্বাস। অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ইউসুফজী খাঁন, সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, পৌর মেয়র বেগম আশানুর বিশ্বাস প্রমুখ।

ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্তদের মধ্যে তাঁবু বিতরণ

মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা মীর্জাগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে ক্ষতিগ্রস্তদের মধ্যে তারপলিন ও তাঁবু বিতরণ করা হয়েছে। উপজেলার ছয়টি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ২৫০টি পরিবারকে একটি করে তারপলিন এবং ২৫ পরিবারকে একটি করে তাঁবু বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সরোয়ার হোসেনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী।

ফুলবাড়ীতে সেলাই মেশিন ও সনদ বিতরণ

ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা ফুলবাড়ীতে স্থানীয় সমাজ নারী কল্যাণ সমিতির উদ্যোগে মঙ্গলবার দর্জি বিজ্ঞান ও বুটিক্স প্রশিক্ষণার্থীদের মধ্যে সেলাই মেশিন এবং সনদপত্র বিতরণ করা হয়েছে। সমাজ নারী কল্যাণ সমিতির অস্থায়ী কার্যালয়ে সমিতির নির্বাহী পরিচালক নাসিমা পারভীনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মণ্ডল, ফুলবাড়ী এনজিও কো-অর্ডিনেশন ফোরামের সভাপতি ও স্বকল্প সোসাইটির নির্বাহী পরিচালক এম এ কাইয়ুম প্রমুখ।

তেকানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহিদ মিনার উদ্বোধন

সোনাতলা (বগুড়া) সংবাদদাতা সোনাতলা উপজেলার তেকানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত শহিদ মিনার উদ্বোধন করা হয়েছে। ফলক উন্মোচন আর পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর আলম শহীদ মিনারের উদ্বোধন করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারহানা সুলতানা বাবলীর সভাপতিত্বে এ উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুর আলম, দুর্নীতি দমন কমিশন বগুড়ার উপপরিচালক মো. মনিরুজ্জামান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুল মালেক প্রমুখ।

ন্যায্যমূল্যে পেঁয়াজসহ বিভিন্ন পণ্য বিক্রি

মাগুরা প্রতিনিধি মাগুরায় মঙ্গলবার দিনব্যাপী ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর মাধ্যমে ন্যায্যমূল্যে পেঁয়াজ, মশুর ডাল, চিনি ও সায়াবিন তেল বিক্রি করা হয়েছে। শহরের কালেকটরেটের সামনে ট্রাকে করে এসব পণ্যসামগ্রী বিক্রি করা হয়। পেঁয়াজ প্রতিকেজি ৪৫ টাকা, চিনি প্রতিকেজি ৫০, মশুরডাল প্রতিকেজি ৫০ এবং বোতলজাত সয়াবিন তেল ৮০ টাকা লিটার দরে বিক্রি করা হয়। আর এসব পণ্য কিনতে লোকজন লম্বা লাইনে দাঁড়ান। জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পুলিশ উপস্থিত থেকে এসব বিক্রি করেন।

পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন বিষয়ক অবহিতকরণ কর্মশালা

নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনা শহরের ময়লা-আবর্জনা ও পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন বিষয়ক অবহিতকরণ কর্মশালা মঙ্গলবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদ হলরুমে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের আঞ্চলিক সমন্বয়ক নার্গিস আক্তার। স্বাগত বক্তব্য রাখেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ড. আরিফা জেসমিন। আরো বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মতীন্দ্র সরকার, মহিলা পরিষদের সভাপতি রেহেনা সিদ্দিকী, লেখক প্রফেসর ননী গোপাল সরকার, আওয়ামী লীগ নেতা আব্দুল কাইয়ূম প্রমুখ।

সুনামগঞ্জে স্বাধীনতা সংগ্রামের দুর্লভ ছবির গ্যালারি উদ্বোধন 

সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জ জেলা পরিষদের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা সংগ্রামের দুর্লভ ছবি সাঁটানো গ্যালারির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে এ গ্যালারির উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন, জেলা সাংবাদিক ফোরামের সভাপতি কুলেন্দু শেখর দাস, প্রধান সহকারী মো. আব্দুল মতিন প্রমুখ।

পাটগ্রামে স্থাপিত হচ্ছে সোলার স্ট্রিট লাইট

পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গরপোতা, জগতবেড় ও বাউরা ইউনিয়নে ৫২টি সোলার স্ট্রিট লাইট স্থাপনের কাজ চলছে। জাপান ইন্টারন্যাশনাল করপোরেশন এজেন্সি জাইকার অর্থায়নে উপজেলা পরিষদ পাটগ্রামের বাস্তবায়নে চলতি অর্থবছরে পাটগ্রামে সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠান বগুড়ার কাহালু উপজেলার মেসার্স সুমন এন্টার প্রাইজ লাইট স্থাপনের কাজ করছে। এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল জানান, পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নের গ্রামগঞ্জে সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হবে। সোলার লাইটের আলোয় আলোকিত করা হবে গ্রাম এলাকা।

হিজড়া ও দরিদ্রদের মধ্যে কম্বল বিতরণ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা কোটালীপাড়ায় বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে মঙ্গলবার হিজড়া ও দরিদ্রদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। মারুফ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে এই কম্বল বিতরণ করা হয়। কোটালীপাড়া থানার ওসি শেখ লুত্ফর রহমান হিজড়াদের মধ্যে এসব কম্বল বিতরণ করেন। এ সময় মারুফ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ লাভলু শেখ উপস্থিত ছিলেন। অপরদিকে কুশলা উন্নয়ন সংঘের উদ্যোগে দরিদ্রদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। পৌর মেয়র মো. কামাল হোসেন শেখ কম্বল বিতরণ করেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা বিজয় দিবস উপলক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন উযুসের উদ্যোগে সোমবার রাতে আমাদের মুক্তিযুদ্ধ আমাদের বিজয় শীর্ষক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কালীবাড়ি রোডে উদ্যোগী যুব সংগঠন কার্যালয়ে উযুসের উপদেষ্টা অলক ঘোষ ছোটনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার পৌর মেয়র মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, মুক্তিযোদ্ধা আব্দুল হাই, আনোয়ারুল কবীর রেনু প্রমুখ।

 

 

০