মুশফিক ঝড়ে খুলনার জয়

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯, ২১:৪১

স্পোর্টস রিপোর্টার

খুলনা টাইগার্সের জয়ের জন্য ৪ বলে তখন ২ রান দরকার। তেমন কোনো উত্তেজনা নেই। এর মধ্যেও মাঠের সব দর্শক উত্তেজনায় কাঁপছিলেন। কারণ, মুশফিকুর রহিমের সেঞ্চুরির জন্য তখন দরকার চার রান। একটা বাউন্ডারি মারা ছাড়া আর উপায় ছিল না। সেই চেষ্টাই করলেন মুশফিক। কিন্তু রবি বোপারার বলটা ঠিক মতো ব্যাটে লাগল না। শোয়েব মালিকের হাতে সহজ ক্যাচ চলে গেল। ৯৬ রানে শেষ হয়ে গেল মুশফিকের ঝড়ো ইনিংস।

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) গতকাল দিনের প্রথম ম্যাচেই আসরের প্রথম সেঞ্চুরিয়ানের দেখা পেয়ে যেতে পারত। সেটা হয়নি। কিন্তু মুশফিক আসল কাজটা করে আসতে পেরেছেন। খুলনার এই অধিনায়ক রাজশাহীর ছুড়ে দেওয়া ১৮৯ রানের পর্বত টপকে দলকে এনে দিয়েছেন জয়।

রাজশাহী রয়্যালসকে ৫ উইকেটে হারিয়েছে খুলনা টাইগার্স। এই আসরে দ্বিতীয় ম্যাচে এটা খুলনার দ্বিতীয় জয়। আগে ব্যাট করা রাজশাহী শোয়েব মালিকের ব্যাটে ভর করে ৪ উইকেটে ১৮৯ রান তুলেছিল। জবাবে ২ বল বাকি থাকবে ৫ উইকেটে ১৯২ রান তোলে খুলনা।

আগে ব্যাট করা রাজশাহীর শুরুটা খুব ভালো হয়নি। দলীয় ৮ রানে ফিরে আসেন ১ রান করা হজরতউল্লাহ জাজাই। এরপর ১৯ রান করে ফেরেন লিটন দাস। আর এখান থেকে শুরু হয় শোয়েব মালিকের পালটা আক্রমণ। প্রথমে আফিফ হোসেন ধ্রুবকে নিয়ে একটা জুটি করেন তিনি। আফিফ ১৭ বলে ১৯ রান করেন। এরপর রবি বোপারার সঙ্গে ১০৬ রানের দানবীয় একটা জুটি করেন মালিক।

মালিকের আউটেই এই জুটি ভাঙে। তিনি ৫০ বলে ৮টি চার ও ৪টি ছক্কায় ৮৭ রান করে ফেরেন। স্বদেশী মোহাম্মদ আমিরের শিকার হন মালিক। কিন্তু বোপারা শেষ পর্যন্ত টিকে ছিলেন। তিনি ২৬ বলে ৪০ রানের ইনিংস খেলেন। আর অধিনায়ক আন্দ্রে রাসেল ৬ বলে ১৩ রান করেন।

জবাব দিতে নেমে খুলনার শুরু হয় আরো খারাপ। বিনা রানে, দলীয় ১ রানে ফিরে আসেন ওপেনার শান্ত। আরেক ওপেনার রহমতউল্লাহ গুরবেজ ৭ রান করেন। আর এখান থেকে খুলনাকে চালকের আসনে নিয়ে আসেন মুশফিক। প্রথমে রাইলি রুশোর সঙ্গে একটা জুটি করেন তিনি।

রুশো ৩৫ বলে ৪২ রান করে ফেরেন। এরপর সামসুর রহমান শুভ এসে ২০ বলে ২৯ রান করে ফিরে আসেন। কিন্তু আরেক প্রান্তে মুশফিকের ব্যাটে ঝড় থেমে ছিল না। শেষ পর্যন্ত ৫১ বলে ৯টি চার ও চারটি ছক্কায় ৯৬ রানের ইনিংস খেলে আউট হন মুশফিক। আর ৬ বলে ১৪ রান করে দলের জয় নিশ্চিত করে আসেন রবি ফ্রাইলিঙ্ক।